৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা
আগামী ২৪ ঘণ্টায় দেশের চার বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। অতিবৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) আবহাওয়া অধিদপ্তরের ভারী বৃষ্টিপাতসংক্রান্ত সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
সতর্কবার্তায় বলা হয়েছে, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, অতিভারী বৃষ্টিপাতের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কিছু স্থানে ভূমিধসের ঝুঁকি তৈরি হতে পারে।
এদিকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দেওয়া ২৪ ঘণ্টার সাধারণ পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
পাশাপাশি দেশের বিভিন্ন এলাকায় মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এসময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
এমএ//