স্মার্ট ও মানসম্মত শিক্ষা গড়ে তুলতে মাউশির একগুচ্ছ উদ্যোগ
দেশের শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, প্রযুক্তিনির্ভর ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে একগুচ্ছ নতুন উদ্যোগ নিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, প্রশাসনিক সংস্কার, শিক্ষকদের বদলি ও নিয়োগে স্বচ্ছতা, প্রযুক্তির ব্যবহার, শিক্ষার্থীদের নিরাপত্তা, জলবায়ু অভিযোজন এবং বিনামূল্যে স্কুল পোশাকসহ বিভিন্ন বিষয়ে নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা।
মাউশির কর্মকর্তারা জানিয়েছেন, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে শিক্ষা ব্যবস্থায় বৈষম্য কমবে এবং স্মার্ট ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সহজ হবে।
মাউশির মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসকে জানান, প্রধানমন্ত্রীর দিকনির্দেশনা এবং শিক্ষা মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুযায়ী নির্বাচনী প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ চলছে। প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়ন, শ্রেণিকক্ষে শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষ ও মানবিক নাগরিক হিসেবে গড়ে তোলাই তাদের মূল লক্ষ্য।
মাউশি জানায়, দ্রুত সেবা নিশ্চিত করতে প্রশাসনিক ও আর্থিক ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা হয়েছে। একই সঙ্গে নথিপত্র ব্যবস্থাপনা আধুনিক করা এবং শিক্ষা ব্যবস্থাপনা তথ্যভান্ডারকে আরও নিরাপদ ও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে সরকারি ও বেসরকারি শিক্ষকদের প্রশাসনিক কার্যক্রম আরও দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
এ ছাড়া কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কথোপকথন সেবা, ডিজিটাল মজুত ব্যবস্থাপনা এবং দপ্তরের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যম আধুনিকায়নের কাজও চলছে।
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষকদের দীর্ঘদিনের ভোগান্তি কমাতে স্বয়ংক্রিয় বদলি ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি অন্যান্য পদে নিয়োগের জন্য পৃথক সফটওয়্যার তৈরি করা হচ্ছে। একই সঙ্গে জাল সনদ ব্যবহারকারী শিক্ষক-কর্মচারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম শুরু হয়েছে।
দেশের সব বিদ্যালয়ের নিরাপত্তা জোরদারে নজরদারি যন্ত্রকে কেন্দ্রীয় ব্যবস্থার সঙ্গে যুক্ত করার পরিকল্পনা নিয়েছে মাউশি। পাশাপাশি পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সচেতনতা বাড়াতে ‘এক শিশু, এক গাছ’ কর্মসূচির আওতায় পাঁচ কোটি গাছ লাগানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই মধ্যে দেশের ২৯ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে ৮৮ হাজার গাছ রোপণ করা হয়েছে।
শিক্ষকদের জন্য ট্যাব সরবরাহ, স্কাউটিং কার্যক্রম সম্প্রসারণ, কলেজ শিক্ষকদের দক্ষতা উন্নয়ন, নতুন মাউশি ভবন নির্মাণ এবং শিক্ষার্থী কল্যাণসহ ছয়টি নতুন কর্মসূচির প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। পাশাপাশি খেলাধুলা, বিতর্ক, সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিক্ষার্থীদের বিনামূল্যে স্কুল ব্যাগ দেওয়ার উদ্যোগও নেওয়া হয়েছে।
মাউশি আরও জানিয়েছে, শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে ২১টি নতুন প্রকল্পের প্রস্তাব এবং ১৮টি ধারণাপত্র শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এসব পরিকল্পনার মধ্যে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ইন্টারনেট সুবিধা, বহুমাধ্যমভিত্তিক শ্রেণিকক্ষ, আনন্দময় শিক্ষা, তৃতীয় ভাষা শিক্ষা, সবার জন্য কারিগরি শিক্ষা, বিনামূল্যে স্কুল পোশাক, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য উন্নত শিক্ষা এবং আলাদা শিক্ষা চ্যানেল চালুর উদ্যোগ।
প্রান্তিক অঞ্চলের শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞানে দক্ষ করে তুলতে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার সহযোগিতায় ডিজিটাল শিক্ষাব্যবস্থা চালু করা হয়েছে। একই সঙ্গে শিক্ষা কর্মকর্তাদের বিদেশে প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং দেশের ৪৭১টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রযুক্তিগত সক্ষমতা যাচাইয়ের কাজ চলছে।
এ ছাড়া মেয়ে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা, আত্মহত্যা প্রতিরোধ, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত বিদ্যালয় গড়ে তোলা, নৈতিক শিক্ষা, নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতকরণ এবং কিশোরীদের ক্ষমতায়ন নিয়ে একাধিক কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি দেশের নয়টি জেলার ৮৮০টি শিক্ষা প্রতিষ্ঠানে কিশোরীদের ক্ষমতায়ন, বাল্যবিবাহ প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা উন্নয়নে তিনটি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
এসি//