যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারে কোনো ঘাটতি নেই: ট্রাম্প
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর অস্ত্র ও গোলাবারুদের কোনো ঘাটতি নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, দেশটির কাছে বিপুল পরিমাণ অস্ত্র মজুত রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী নতুন অস্ত্রও দ্রুত উৎপাদন করা হচ্ছে।
বৃহস্পতিবার (০৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্রের কাছে বিশেষ ধরনের গোলাবারুদসহ বিপুল অস্ত্রভাণ্ডার রয়েছে। পাশাপাশি দেশের প্রতিরক্ষা শিল্প প্রতিষ্ঠানগুলো ইতিহাসের সবচেয়ে বড় পরিসরে নতুন কারখানা নির্মাণ করছে এবং প্রয়োজন অনুযায়ী অস্ত্র উৎপাদন ও সরবরাহ অব্যাহত রেখেছে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, ইরানকে কেন্দ্র করে চলমান সামরিক অভিযানের কারণে পেন্টাগনের ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে এসেছে।
তবে ট্রাম্প এসব প্রতিবেদন সরাসরি প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে এসব তথ্য ফাঁসের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
ট্রাম্প বলেন, তথ্য ফাঁসকারীদের শনাক্ত করতে কাজ চলছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, ‘এই রাষ্ট্রদ্রোহমূলক তথ্য যারা ফাঁস করেছে, তাদের শনাক্ত করা হচ্ছে। তাদের দীর্ঘমেয়াদি কারাদণ্ড নিশ্চিত করার চেষ্টা করা হবে।‘
এমএ//