জাতীয়

যে প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো প্রামাণ্যচিত্র নয়: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্রে আবু সাঈদের ছবি না থাকায় অসন্তোষ প্রকাশ করেছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেন, আবু সাঈদ এই গণ-অভ্যুত্থানের প্রতীক। তার ছবি ছাড়া কোনো প্রামাণ্যচিত্র পূর্ণতা পেতে পারে না।

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদ দিবস উপলক্ষে আয়োজিত রাষ্ট্রীয় অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বলেন, প্রদর্শিত প্রামাণ্যচিত্রে বেশ কিছু ত্রুটি রয়েছে। তার মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো, সেখানে আবু সাঈদের ছবি অন্তর্ভুক্ত করা হয়নি। তার মতে, গণ-অভ্যুত্থানের প্রতীক হিসেবে আবু সাঈদের উপস্থিতি প্রামাণ্যচিত্রে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছবিও সেখানে থাকা উচিত ছিল।

তিনি জানান, বিষয়টি নিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন। এরপর এ নিয়ে আর বিরোধ না বাড়িয়ে শান্ত থাকা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। পাশাপাশি সংসদের মতো ওয়াকআউটের ঘটনা এ ক্ষেত্রে বাঞ্ছনীয় নয় বলেও উল্লেখ করেন।

সরকারের বিষয়ে তিনি বলেন, এটি জনগণের নির্বাচিত সরকার। সরকারের কোনো ভুল থাকলে তা জনগণ তুলে ধরবেন এবং সরকার তা সংশোধনের চেষ্টা করবে। তিনি আরও বলেন, বর্তমান সরকার আওয়ামী লীগের মতো হতে চায় না।

এর আগে অনুষ্ঠানে প্রদর্শিত জুলাই গণ-অভ্যুত্থানবিষয়ক প্রামাণ্যচিত্র নিয়ে অসন্তোষ প্রকাশ করেন শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা। তাদের অভিযোগ, প্রামাণ্যচিত্রে আন্দোলনের গুরুত্বপূর্ণ ঘটনা, শহীদদের আত্মত্যাগ এবং গণ-অভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরা হয়নি।

প্রামাণ্যচিত্র প্রদর্শন শেষ হওয়ার পর মিলনায়তনের বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ শুরু হয়। শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দাঁড়িয়ে উচ্চস্বরে আপত্তি জানান। একপর্যায়ে পুরো মিলনায়তনে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন