ছাত্রদল- শিবিরের সংঘর্ষের পর বেরোবিতে বহিরাগত নিষিদ্ধ
আওয়ামী লীগের সময় যুদ্ধাপরাধে সংশ্লিষ্টতার অভিযোগে মৃতুদণ্ডপ্রাপ্ত নেতাদের ছবি সংবলিত একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রদল ও শিবিরের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে অতিথি, দর্শনার্থী এবং যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড.ফেরদৌস রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের শান্তি-শৃঙ্খলার স্বার্থে মঙ্গলবার থেকে ক্যাম্পাসে অতিথি ও দর্শনার্থী, বাইসাইকেল, মোটরসাইকেল, রিকশা, প্রাইভেটকারসহ সকল প্রকার যানবাহনের প্রবেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করা হলো।
এর আগে, গত সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মাঝে সংঘর্ষ হয়। এ সময় দুই ছাত্র সংগঠনের নেতাকর্মীর মধ্যে দু’পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ, চেয়ার ছোড়াছুড়ি ও লাঠিসোঁটা নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত দশজন আহত হয়েছেন।

উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, জুলাই যেন আমরা ভুলে না যাই। আর কোনো শিক্ষার্থী যেন আহত না হয়। এ জন্য সব পক্ষকে ধৈর্য ধারণ করতে হবে। ছাত্ররাজনীতি এই ক্যাম্পাসে নিষিদ্ধ। নিষিদ্ধ কোনো সংগঠন এখানে কর্মসূচি করতে আসে না। সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আবেদন করা হলে সেই আবেদনের ভিত্তিতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়।
আর/আই