ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধ থামাতে গিয়ে শিক্ষার্থী নিহত
বগুড়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধ থামাতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জামিল শেখ (১৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। নিহত জামিল উপজেলার শেরুয়া দহপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
সোমবার (০৩ আগস্ট) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে বিদ্যালয় মাঠে স্থানীয় কিশোর ও যুবকদের মধ্যে ফুটবল খেলা চলছিল। খেলার একপর্যায়ে খেলোয়াড়দের মধ্যে তর্কাতর্কি ও উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার চেষ্টা করেন জামিল।
এ সময় শেরুয়া দহপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে শাকিল (২২) তার ওপর চড়াও হয়ে জামিলকে লাথি ও কিল-ঘুষি মারলে সে মাঠেই লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জামিলকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত শাকিল আত্মগোপনে রয়েছেন।
এসআই জাহিদুল ইসলাম জানায়, জামিলের তলপেটসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহত কিশোরের পরিবার হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছে।
আর/আই