শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় ১১ বছর বয়সী এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে তার সৎ বাবাকে (জুলহাস) আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার যৌন নির্যাতন করা হলে, আজ তার মায়ের কাছে ঘটনাগুলো খুলে বলার পর বিষয়টি প্রকাশ্যে আসে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে উপজেলার বানিয়াজুরী এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে অভিযুক্তকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেন ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহাবুবুর রহমান।
স্থানীয়রা জানান, বানিয়াজুরী ইউনিয়নের একটি ভাড়া বাসায় স্ত্রী ও তার আগের ঘরের মেয়েকে নিয়ে বসবাস করতেন জুলহাস নামের এক মিলশ্রমিক।
ভুক্তভোগী শিশুটির অভিযোগ, এর আগেও ভয়ভীতি দেখিয়ে কয়েক দফায় তাকে নির্যাতন করা হয়েছে। সর্বশেষ, রোববার সকালে তাকে ধর্ষণ করা হয়।
ভুক্তভোগী শিশুটি অভিযুক্তের হুমকির কারণে এত দিন মুখ খুলতে পারেনি। তবে সোমবার সকালে সিশুটি কান্না করতে করতে তার মাকে ঘটনাটি জানালে শিশুটির মা তাকে নিয়ে বানিয়াজুরী ইউনিয়ন পরিষদে গিয়ে বিষয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টুকে অবহিত করেন।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে, খবর পেয়ে ঘিওর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে।
চেয়ারম্যান আনসারী বিল্টু বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে বিষয়টি ঘিওর থানাকে জানানো হয়। পরে পুলিশ এসে অভিযুক্তকে আটক করে এবং প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।
ভুক্তভোগী শিশুর মা বলেন, মেয়ের কাছ থেকে ঘটনা শোনার পর তিনি হতবাক হয়ে যান। অভিযুক্তের ভয়ভীতির কারণেই এত দিন শিশুটি কাউকে কিছু জানাতে পারেনি। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীর সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
ওসি মীর মাহবুবুর রহমান বলেন, অভিযোগের ভিত্তিতে জুলহাসকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আর/আই