জাতীয়

পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

দেশের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে যত্রতত্র প্লাস্টিক ও আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিবেশ সংরক্ষণে নাগরিক হিসেবে প্রত্যেকের নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।

সোমবার (৩ আগস্ট) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।

তারেক রহমান বলেন, ঢাকা শহরসহ দেশের যেকোনো জেলা, উপজেলা কিংবা গ্রামগঞ্জের জনবহুল ও বাজার এলাকাগুলোতে নজর দিলেই দেখা যায় মানুষের ব্যবহার করা টিস্যু, চিপসের প্যাকেট, রান্নার তেল ও পানীয়র প্লাস্টিকের বোতলসহ নানা ধরনের আবর্জনা যত্রতত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কোথাও কোথাও জমে আছে ময়লার স্তূপ। আজ থেকে ৩০ বা ৪০ বছর আগে আমাদের বাল্যকালে কিন্তু এমন চিত্র ছিল না।

সরকার প্রধান বলেন, কবি তো সুন্দরভাবেই লিখেছেন, ‘সবুজ শস্য-শ্যামল আমাদের দেশ’। আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর রাখতে পারব না? পথচারী যখন যত্রতত্র ময়লা-আবর্জনার স্তূপ দেখেন, তখন তারা কষ্ট পান।

তিনি বলেন, আমরা যদি সবাই মিলে একটু সচেতন হই, নিজেদের ব্যবহার করা আবর্জনা যত্রতত্র না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় জমা করি, তাহলে আমাদের পরিবেশটি যেমন ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা পরিবেশকে সুন্দরভাবে ধরে রাখতে পারবো। 

তিনি আরও বলেন, আসুন আমরা আজ থেকে প্রত্যেকে সচেতন হয়ে আমাদের ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট স্থানে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনামুক্ত করতে পারবো। একটি সুন্দর পরিবেশ গড়ে তুলতে পারবো।

 

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন