অর্থনীতি

বিশ্ববাজারে তেলের দাম কমতেই বাড়ল স্বর্ণের মূল্য

বিশ্ববাজারে জ্বালানি তেলের দর নেমেছে, আর সেই প্রভাবেই আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের বাজার। ইরানের ওপর নতুন করে হামলা স্থগিত রাখা এবং ওয়াশিংটন-তেহরানের মধ্যে কূটনৈতিক আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমেছে। একই সঙ্গে ডলারের দর কিছুটা দুর্বল হওয়ায় বেড়েছে স্বর্ণের মূল্য।

সোমবার (৩ আগস্ট) লেনদেনের শুরুতেই আন্তর্জাতিক বাজারে স্পট স্বর্ণের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৭৬ ডলারে পৌঁছায়। একই দিনে যুক্তরাষ্ট্রের স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ৪ হাজার ৫৪ ডলারে দাঁড়ায়।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার ইঙ্গিত দেওয়ার পর বিশ্ববাজারে স্বস্তির পরিবেশ তৈরি হয়। এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম পাঁচ শতাংশের বেশি কমে যায়। পাশাপাশি জাপানি ইয়েনের মান শক্তিশালী করতে দেশটির মুদ্রা বাজার কর্তৃপক্ষের নেওয়া পদক্ষেপে ডলারের দরও কিছুটা কমেছে। ডলারে মূল্য নির্ধারিত হওয়ায় ডলারের দর কমে গেলে অন্যান্য দেশের ক্রেতাদের জন্য স্বর্ণ তুলনামূলক কম দামে কেনার সুযোগ তৈরি হয়, যা এর মূল্যবৃদ্ধিতে সহায়ক ভূমিকা রেখেছে।

অর্থনৈতিক বিশ্লেষণী প্রতিষ্ঠান ‘কেসিএম ট্রেড’-এর প্রধান বাজার বিশ্লেষক টিম ওয়াটারার বলেন, স্বর্ণের দাম বাড়লেও মধ্যপ্রাচ্যের সামগ্রিক ভূরাজনৈতিক পরিস্থিতি এবং তেলের বাজারের অনিশ্চয়তা এখনো মূল্যবৃদ্ধির গতি কিছুটা সীমিত করে রেখেছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্রের শ্রমবাজারসংক্রান্ত কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশের কথা রয়েছে। এসব তথ্যের ভিত্তিতেই দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ পরবর্তী সুদের হার বিষয়ে সিদ্ধান্ত নেবে।

বিশ্লেষকদের ধারণা, শ্রমবাজারের তথ্য প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলে এবং ফেড সুদের হার অপরিবর্তিত রাখলে বা নমনীয় অবস্থান নিলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম আরও বাড়তে পারে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর বাজারেও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। স্পট রুপার দাম শূন্য দশমিক ৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৫৮ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে। প্লাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৬৪৯ দশমিক ৩৫ ডলারে। আর প্যালাডিয়ামের দাম ১ দশমিক ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্স ১ হাজার ২৯৪ দশমিক ৯২ ডলারে লেনদেন হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন