দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত দুই
বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন সাতজন।
রোববার (২ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ছোনকা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জয়পুরহাট থেকে ঢাকাগামী যমুনা লাইন পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদুল ইসলাম ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন বাসের চালকের সহকারী নয়ন (৩৮)। তিনি নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা। অপরজন কাঁচামাল ব্যবসায়ী মাসুদুর রহমান (৩৮) একই উপজেলার চানপুরি গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মহাসড়কের ছোনকা এলাকায় একটি ট্রাক বিকল হয়ে সড়কে দাঁড়িয়ে ছিল। এ সময় একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই বাসের চালকের সহকারী ও এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর শেরপুর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
এসআই সাজ্জাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতিতে চলার কারণে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর বাস ও ট্রাকটি জব্দ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
আর/আই