ভাড়া বাসায় বানাতেন পর্ন ভিডিও, কারাগারে নারীসহ ৪ জন
গাইবান্ধার গোবিন্দগঞ্জে পর্ন ভিডিও তৈরির অভিযোগে গ্রেপ্তার চার জনকে কারাগারে পাঠানো হয়েছে। কারাগারে প্রেরণ করা ৪ জন হলেন, মামুনী আক্তার (২৪) রেজেনা খাতুন (২৮)রাকিবুল হাসান রাকিব (৩০) ও মামুন অর রশিদ (৩০)। তারা প্রত্যেকেই গাইবান্ধার বাসিন্দা।
শনিবার (১ জুলাই) বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়। রাতে গোবিন্দগঞ্জ থানার গোবিন্দগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের সঙ্গে আরও কয়েকজন পলাতক ব্যক্তি দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় অবস্থান করে পর্নোগ্রাফি তৈরি ও অনলাইনে ছড়িয়ে দেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।
এলাকাবাসী জানিয়েছে, বাড়িটিতে প্রায়ই অপরিচিত ব্যক্তিদের চলাচল দেখা গেলেও এতদিন কেউ বিষয়টি গুরুত্ব সহকারে নেয়নি।
এসআই আহসান হাবীব সরকার জানান, এ ঘটনায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২-এর অধীনে মামলা দায়ের করা হয়েছে। এই আইনের ৮(১) ধারা অনুযায়ী অশ্লীল ভিডিও তৈরি, সংরক্ষণ, বিতরণ বা প্রচার করলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মামুনী ও রেজেনা ভিডিওধারণের কাজ করতেন এবং রাকিব ও মামুন প্রযুক্তিগত সহায়তা দিচ্ছিলেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি মোবাইল ফোন, ২টি ওয়াইফাই রাউটার, ভিডিওধারণের জন্য আলোকসজ্জার সরঞ্জাম, একটি ট্রাইপড ও অন্যান্য আনুষঙ্গিক উপকরণ জব্দ করা হয়েছে। জব্দকৃত মোবাইলের ডিজিটাল ফরেনসিক পরীক্ষার জন্য সাইবার ক্রাইম ইউনিটে পাঠানোর প্রক্রিয়া চলছে।
আই/এ