ভুয়া বিজিবি পরিচয়ে ছিনতাই, আটক ৩
যশোরে অভিযান চালিয়ে বিজিবির পোশাক, ওয়াকিটকি, হাতকড়া ও দেশীয় অস্ত্রসহ তিন ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিজিবির সদস্য নন এবং সরকারি পোশাক ব্যবহার করে বিভিন্ন এলাকায় ছিনতাই ও ডাকাতিসহ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার (১ আগস্ট) শহরের ষষ্ঠীতলা এলাকা থেকে গভীর রাতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন - শার্শা উপজেলার গোগা গাজীপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে উজ্জ্বল হোসেন (৩০), একই উপজেলার হরিশচন্দনপুর পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে আনারুল ইসলাম (৩২) এবং একই গ্রামের গোলাম মোস্তফার ছেলে তোফাজ্জেল হোসেন (৩০)।
পুলিশ জানায়, স্থানীয়দের উপস্থিতিতে অভিযানে চলাকালে এক ব্যক্তি দরজা খুলে নিজেকে বিজিবির সদস্য পরিচয় দেন। ঘরে থাকা আরও দুই ব্যক্তিও একই পরিচয় দেন। তবে পরিচয়পত্র দেখাতে না পারায় এবং তাদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় জিজ্ঞাসাবাদ করা হলে তারা বিজিবির সদস্য নন বলে স্বীকার করেন।
এ সময় তাদের কাছ থেকে এক সেট বিজিবির সরকারি পোশাক, দুটি স্টিলের হাতকড়া, দুটি ওয়াকিটকি, একটি স্টিলের চাইনিজ কুড়াল, দুটি কাটারি, একটি লোহা কাটার (গ্রাইন্ডার) মেশিন, একটি তালা কাটার মেশিন, একটি হ্যাকসো ব্লেড, একটি তালা কাটার সরঞ্জাম এবং একটি নোজ প্লাস উদ্ধার করা।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, উজ্জ্বল হোসেনের বিরুদ্ধে পূর্বে পাঁচটি এবং তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আটক তিনজনকে রোববার আদালতে সোপর্দ করা হয়েছে।
আর/আই