আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের রেস্তোরাঁয় বন্দুক হামলা, নিহত ৩, আহত ৭

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের টুইন ফলস শহরের একটি রেস্তোরাঁয় বন্দুক হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন, যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

রোববার (০২ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শনিবার দুপুর ২টার দিকে টুইন ফলসের একটি ব্যস্ত শপিং প্লাজায় অবস্থিত সদ্য চালু হওয়া রেস্তোরাঁয় হামলার ঘটনা ঘটে। সে সময় সেখানে বিপুলসংখ্যক ক্রেতা উপস্থিত ছিলেন।

টুইন ফলস সিটির মুখপাত্র জশ পামার জানান, ঘটনাস্থলের কাছ থেকে সন্দেহভাজন বন্দুকধারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে নিহত তিনজনের মধ্যে ওই ব্যক্তি রয়েছেন কি না, তা এখনো নিশ্চিত করা হয়নি।

নিহত ও আহতদের পরিচয় প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে, স্বজনদের অবহিত করার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তাদের নাম-পরিচয় গোপন রাখা হবে।

টুইন ফলস পুলিশের প্রধান ম্যাথিউ হিকস বলেন, হামলাকারীর পরিচয় ও হামলার উদ্দেশ্য জানতে তদন্ত চলছে। প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, “বর্তমানে জনসাধারণের জন্য আর কোনো তাৎক্ষণিক হুমকি নেই। তবে ঘটনাস্থলের পরিস্থিতি অত্যন্ত বিশৃঙ্খল ছিল।”

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, প্রথমে রেস্তোরাঁর রান্নাঘরের দিক থেকে গুলির শব্দ শোনা যায়। পরে একজন কর্মী সবাইকে মাটিতে শুয়ে পড়তে বললে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

তাদের দাবি, এক ব্যক্তি অ্যাসল্ট রাইফেল হাতে ড্রাইভ-থ্রু এলাকা থেকে বের হয়ে আসেন। এ সময় আরেক ব্যক্তি পিস্তল দিয়ে তার দিকে গুলি চালান। তবে এই দুই ব্যক্তি কারা এবং তাদের ভূমিকা কী ছিল, তা এখনো তদন্তাধীন।

আহতদের টুইন ফলসের সেন্ট লুকস ম্যাজিক ভ্যালি মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাদানকারী সংস্থার সঙ্গে সমন্বয় করে আহতদের চিকিৎসা দিচ্ছে।

পুলিশ জানিয়েছে, হামলার প্রকৃত কারণ ও ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

 

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন