আন্তর্জাতিক

মোদির বাসভবন অভিমুখে ফের পদযাত্রার ডাক

ভারতে ই-২০ (২০ শতাংশ ইথানল মিশ্রিত) পেট্রোল চালুর সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে পদযাত্রার ঘোষণা দিয়েছেন আম আদমি পার্টির (এএপি) জাতীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল। আগামী ৪ আগস্ট (মঙ্গলবার) দুপুরে এই কর্মসূচি পালন করা হবে বলে জানিয়েছেন তিনি।

শনিবার (০১ আগস্ট) দিল্লিতে আয়োজিত ‘ন্যাশনাল টাউনহল অ্যাগেইনস্ট ই-২০’ অনুষ্ঠানে পদযাত্রার ঘোষণা দেন দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী।

কেজরিওয়াল জানান, ই-২০ পেট্রোল নীতি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশে করা একটি অনলাইন আবেদনে ইতোমধ্যে দুই লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন। সেই গণস্বাক্ষরের মুদ্রিত কপি তিনি নিজেই প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনে গিয়ে জমা দেবেন।

তিনি বলেন, কয়েক দিন আগে দেশের মানুষের প্রতি প্রধানমন্ত্রীর উদ্দেশে একটি স্মারকলিপিতে স্বাক্ষরের আহ্বান জানানো হয়েছিল। এতে দুই লাখেরও বেশি মানুষ সাড়া দিয়েছেন। আগামী ৪ আগস্ট দুপুর ১২টায় তিনি ওই স্মারকলিপি নিয়ে প্রধানমন্ত্রীর বাসভবনে যাবেন।

পদযাত্রায় বড় ধরনের জনসমাগম হবে না বলেও উল্লেখ করেন কেজরিওয়াল।

তার দাবি, কর্মসূচিতে তার সঙ্গে মাত্র ১০০ জন কর্মী-সমর্থক থাকবেন, যারা পুলিশি লাঠিচার্জ কিংবা কারাবরণে ভয় পান না।

ই-২০ পেট্রোলের নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলেন এএপি নেতা। তিনি সরকারের প্রতি উন্মুক্ত বিতর্কের আহ্বান জানিয়ে বলেন, যদি এই জ্বালানি সত্যিই নিরাপদ হয়, তাহলে সরকার তথ্য-প্রমাণ নিয়ে আলোচনায় বসুক। একদিকে তাঁদের পক্ষের তথ্য তুলে ধরা হবে, অন্যদিকে সরকারও নিজেদের অবস্থানের পক্ষে প্রমাণ উপস্থাপন করুক।

এদিকে কেজরিওয়ালের অভিযোগ ও কর্মসূচিকে রাজনৈতিক স্টান্ট বলে অভিহিত করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। দিল্লি বিজেপির সভাপতি হর্ষ মালহোত্রা বলেন, ই-২০ পেট্রোল ব্যবহারের কারণে ক্ষতিগ্রস্ত বা ইঞ্জিন বিকল হয়েছে—এমন অন্তত ১০০টি গাড়ির সুনির্দিষ্ট প্রমাণ কেজরিওয়াল আগে জনসমক্ষে উপস্থাপন করতে পারবেন কি না, সেটিই স্পষ্ট হওয়া উচিত।

এ সম্পর্কিত আরও পড়ুন