যমজ বর-কনে, যমজ পুরোহিত: কেরালায় ব্যতিক্রমী বিয়ে
ভারতের কেরালায় এক ব্যতিক্রমী বিয়ের আয়োজন দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে। যমজ দুই ভাইয়ের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন যমজ দুই বোন। এখানেই শেষ নয়, বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন যমজ দুই পুরোহিত, আর তাদের সহকারীর ভূমিকাতেও ছিলেন যমজ দুই কিশোর।
বৃহস্পতিবার (৩০ জুলাই) চাঙ্গানাসেরির মেট্রোপলিটন চার্চে এই বিয়ে অনুষ্ঠিত হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়, যমজ ভাই অখিল কে. থমাস বিয়ে করেন যমজ বোন ম্যাগি মেরি থমাসকে এবং তার ভাই নিখিল কে. থমাসের জীবনসঙ্গী হন অপর যমজ বোন মারিয়া মেরি থমাস। দুই বরই মার্চেন্ট নেভির কর্মকর্তা, আর দুই কনে তথ্যপ্রযুক্তি খাতের পেশাজীবী।
ম্যাগি ও মারিয়া জানান, ছোটবেলা থেকেই তাদের স্বপ্ন ছিল যমজ ভাইদেরই বিয়ে করবেন। পাশাপাশি তাদের ইচ্ছা ছিল, বিয়ের আয়োজনেও যেন যমজ মানুষের উপস্থিতি থাকে। পরিবারের সদস্যরাও সেই ইচ্ছাকে সমর্থন করেন।
তারা জানান, যমজ পুরোহিত খুঁজে পাওয়া সহজ ছিল না। পরে যমজদের জন্য পরিচিত কোঠানাল্লুরের একটি চার্চের মাধ্যমে ফাদার অ্যান্টো ও ফাদার অ্যাজোর সঙ্গে যোগাযোগ করা হয়। আমন্ত্রণ পাওয়ার পর দুজনই অনুষ্ঠানে অংশ নিতে সম্মতি দেন।
বিয়ের অনুষ্ঠানে আরও একটি ব্যতিক্রমী দৃশ্য ছিল। গির্জার বেদিতে পুরোহিতদের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন যমজ দুই কিশোর—জেরন ও জোহন।
আর/আই