দেশজুড়ে

নিখোঁজের দুইদিন পর বাবা-ছেলের মরদেহ উদ্ধার

রাজশাহীর পদ্মায় নৌকাডুবে নিখোঁজ বাবা ছেলের মরদেহ দুইদিন পর উদ্ধার হয়েছে। নিহতরা হলেন বাবা কাওসার আলী (৬০) ও ছেলে জিয়ারুল ইসলামের (৩০)।

বৃহস্পতিবার (৩০জুলাই) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় পদ্মা নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়। কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কাদেরী বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতের  স্বজনরা জানান, আজ সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলাবাজার এলাকায় পদ্মা নদীতে কাওসার আলীর মরদেহ ভেসে ওঠে। এরপর স্থানীয়দের মাধ্যমে তারা খবর পান। খবর পেয়ে সেখান থেকে কাওসার আলীর মরদেহ উদ্ধার করে রাজশাহীতে আনা হয়। আর দুপুরের দিকে রাজশাহীর তালাইমারী এলাকায় ছেলে জিয়ারুলের মরদেহ ভেসে ওঠে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর বড়কুঠি এলাকায় কাওসার আলীর শ্যালো ইঞ্জিনচালিত নৌকাটি পদ্মায় ডুবে যায়। চর থেকে ঝাউগাছ কেটে নিয়ে বাড়ি ফিরছিলেন তারা। এ নৌকায় কাওসার আলীর স্ত্রী জাহেরা বেগমসহ আরও ছয়জন যাত্রী ছিলেন। নৌকা ডুবে যাওয়ার পর ৬ জনকে স্থানীয়রা উদ্ধার করলেও বাবা কাওসার আলী ও ছেলে জিয়ারুল নিখোঁজ হন।

ওসি সুমন কাদেরী জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন