খেলাধুলা

ইনফান্তিনোর প্রস্তাবে ‘না’ বললে বাংলাদেশ হারাবে ৩৭০ কোটি!

বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনা বাস্তবায়নে সদস্য দেশগুলোর সমর্থন আদায়ে জোরালো উদ্যোগ নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

সংস্থাটি জানিয়েছে, প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া সদস্যরা অতিরিক্ত আর্থিক সহায়তা পাবে। আর প্রস্তাবটি অনুমোদন না হলে সদস্য দেশগুলো সম্ভাব্য ৩০ মিলিয়ন ডলার পর্যন্ত অতিরিক্ত অনুদান থেকে বঞ্চিত হতে পারে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ফিফার ২১১ সদস্য সংস্থাকে ৫৩ দিনের সময় দেওয়া হয়েছে। আগামী ১৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত ভোটে প্রস্তাবটি পাস হলে ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠন করা হবে।

পরিকল্পনা অনুযায়ী, নতুন প্রতিষ্ঠানটির মাধ্যমে বিশ্বকাপসহ ফিফার প্রধান টুর্নামেন্টগুলোর সম্প্রচার স্বত্ব, স্পনসরশিপ, টিকিট বিক্রি এবং অন্যান্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে প্রতিষ্ঠানটিতে বাইরের বিনিয়োগকারীদের অংশীদার হওয়ার সুযোগও রাখা হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, প্রস্তাবটি অনুমোদিত হলে ২০২৭-২০৩১ মেয়াদে ‘ফিফা ফরওয়ার্ড’ কর্মসূচির অনুদান প্রায় ৮ মিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ২০ মিলিয়ন ডলার করা হবে। এছাড়া প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া প্রতিটি সদস্য সংস্থাকে এককালীন আরও ২০ মিলিয়ন ডলার অতিরিক্ত অনুদান দেওয়ার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে, প্রস্তাবটি অনুমোদন না হলে সদস্য সংস্থাগুলো ১০ মিলিয়ন ডলার অনুদান পাবে। ফলে সম্ভাব্য অতিরিক্ত ৩০ মিলিয়ন ডলারের আর্থিক সহায়তা থেকে তারা বঞ্চিত হতে পারে। ভবিষ্যতে ২০৩৫-২০৩৮ মেয়াদে এ অনুদান ২৪ মিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনাও রয়েছে। নতুন বিনিয়োগ কাঠামোর মাধ্যমে প্রায় ৪ দশমিক ২ বিলিয়ন ডলার সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে ফিফা।

বাংলাদেশসহ অনেক ছোট ফুটবল ফেডারেশন জাতীয় দল পরিচালনা, অবকাঠামো উন্নয়ন, একাডেমি পরিচালনা এবং তৃণমূল পর্যায়ের ফুটবল উন্নয়নে ফিফার অনুদানের ওপর উল্লেখযোগ্যভাবে নির্ভরশীল। ফলে প্রস্তাবটি এসব দেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে।

তবে পরিকল্পনাটি ইতোমধ্যে সমালোচনার মুখে পড়েছে। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফার অভিযোগ, ফুটবলের বাণিজ্যিকীকরণে অতিরিক্ত গুরুত্ব দিয়ে খেলাটির মৌলিক মূল্যবোধকে ঝুঁকির মুখে ফেলছে ফিফা। এ ইস্যুতে ইউরোপের ফুটবল কর্মকর্তারা জরুরি বৈঠক করছেন এবং বিশ্বকাপ বর্জনের সম্ভাবনাও আলোচনায় রয়েছে বলে দ্য ইন্ডিপেনডেন্ট জানিয়েছে।

ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, তারা আগে থেকে এ পরিকল্পনা সম্পর্কে অবগত ছিল না।

সংস্থাটির মতে, প্রস্তাবের স্বচ্ছতা, প্রক্রিয়া এবং নীতিগত বিভিন্ন বিষয় নিয়ে তাদের উদ্বেগ রয়েছে। পূর্ণাঙ্গ তথ্য পাওয়ার পর তারা আনুষ্ঠানিক অবস্থান জানাবে।

এদিকে উত্তর আমেরিকার ফুটবল সংস্থা কনকাকাফও পরিকল্পনার সমালোচনা করেছে। তবে আফ্রিকা, এশিয়া ও দক্ষিণ আমেরিকার অনেক সদস্য সংস্থার সমর্থন পাওয়া যাবে বলে আশাবাদী ফিফা। প্রস্তাবটি কার্যকর করতে ২১১ সদস্য সংস্থার মধ্যে ৫০ শতাংশের বেশি ভোট এবং ফিফা কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন