আর্জেন্টিনার বিরুদ্ধে তদন্তে ফিফা, শাস্তির মুখে একাধিক ফুটবলার
বিশ্বকাপ শেষ হলেও বিতর্ক যেন পিছু ছাড়ছে না আর্জেন্টিনার। রাজনৈতিক বার্তা প্রদর্শন থেকে শুরু করে ফাইনালের পর মাঠে সংঘর্ষ একাধিক ঘটনাকে কেন্দ্র করে ফিফা আর্জেন্টিনা ফুটবল দল ও তাদের কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে আনুষ্ঠানিক শৃঙ্খলাভঙ্গের তদন্ত শুরু করেছে।
ফিফার প্রকাশিত অভিযোগপত্র অনুযায়ী, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠার পর উদযাপনের সময় আর্জেন্টিনার কয়েকজন ফুটবলারের হাতে ‘লাস মালভিনাস সন আর্জেন্টিনাস’ লেখা একটি ব্যানার দেখা যায়। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ নিয়ে রাজনৈতিক বার্তা বহনকারী ওই ব্যানার প্রদর্শনকে ফিফার শৃঙ্খলা বিধির লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। সংস্থাটির নিয়ম অনুযায়ী, কোনো আন্তর্জাতিক ক্রীড়া আসরে রাজনৈতিক বার্তা প্রচার সম্পূর্ণ নিষিদ্ধ।
এটি অবশ্য প্রথমবার নয়। ২০১৪ সালেও একই ধরনের ব্যানার ব্যবহারের কারণে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে জরিমানা করেছিল ফিফা। এবার সেই বিতর্কের পাশাপাশি সমর্থকদের বৈষম্যমূলক স্লোগান, ম্যাচ শুরুর নির্ধারিত সময়ে বিলম্ব এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও তদন্তের আওতায় এসেছে।
ফাইনালেও উত্তেজনা ছড়ায় মাঠে। নিউ জার্সিতে অতিরিক্ত সময়ের লড়াই শেষে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর দুই দলের খেলোয়াড়দের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। স্পেনের বদলি খেলোয়াড়রা উদযাপনের জন্য মাঠে প্রবেশ করলে আর্জেন্টিনার লিয়ান্দ্রো পারেদেস স্প্যানিশ মিডফিল্ডার গাভিকে ধাক্কা দিয়ে ফেলে দেন বলে অভিযোগ ওঠে।
এই ঘটনার জেরে পারেদেসের বিরুদ্ধে তিনটি অসদাচরণ ও শারীরিক আক্রমণের অভিযোগ আনা হয়েছে। এছাড়া নাহুয়েল মলিনার বিরুদ্ধে দুটি এবং থিয়াগো আলমাদা, আর্জেন্টিনার টিম কর্মকর্তা রবার্তো আয়ালা ও স্পেনের গাভির বিরুদ্ধে একটি করে অভিযোগ দায়ের করেছে ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া হবে বলে জানিয়েছে ফিফা। শুনানি শেষে তদন্তের ফলাফলের ভিত্তিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে চূড়ান্ত শাস্তিমূলক সিদ্ধান্ত ঘোষণা করা হবে।
পি/ডি