ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৫৩৪
সারাদেশে গেল ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া গেল একদিনে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৩৪ জন।
বুধবার (২৯ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৩১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রাম বিভাগে ৭১ জন, বরিশাল বিভাগে ৬৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৬৫ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৫৬ জন, খুলনা বিভাগে ৪৫ জন, ময়মনসিংহ বিভাগে ৩৭ জন, রাজশাহী বিভাগে ৩০ জন, রংপুর বিভাগে ২৬ জন ও সিলেট বিভাগে পাঁচজন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, গেল এক জানুয়ারি থেকে আজ পর্যন্ত ১৪ হাজার ৬৯০ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তী হয়েছেন। এছাড়া হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি গেছেন ১৩ হাজার ৪৫২ জন।
প্রসঙ্গত, ২০২৩ সালে দেশের ইতিহাসে ডেঙ্গুতে সর্বোচ্চ ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন রোগী আক্রান্ত এবং ১ হাজার ৭০৫ জনের মৃত্যু হয়।
এমএ//