খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
পঞ্চগড় সদর উপজেলায় বাড়ির পাশে পুকুরে ডুবে ওসমান গনী (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গড়িনাবাড়ি ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান একই গ্রামের সায়েদ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শিশুটির বাবা আদালতের কাজে পঞ্চগড় শহরে যান। এ সময় তার মা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। ওসমান বাড়ির আঙিনায় খেলছিল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির বাইরে চলে গিয়ে পাশের পুকুরে পড়ে যায়।
ছেলেকে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বিশ্বজিত কুণ্ডু পরীক্ষা করে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
পঞ্চগড় সদর থানার পরিদর্শক (তদন্ত) আশীষ কুমার শীল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমএ//