চীনের কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে ইরান
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর আকাশ প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে বড় পদক্ষেপ নিয়েছে ইরান। এ লক্ষ্যে চীনের কাছ থেকে কাঁধে বহনযোগ্য বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা কিনছে তেহরান।
বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, আসন্ন সপ্তাহগুলোতে প্রথম চালানে দেশটি সর্বোচ্চ ৪০০টি প্রতিরক্ষা ব্যবস্থা হাতে পেতে পারে।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ছয় থেকে সাত কোটি মার্কিন ডলারের এই চুক্তির আওতায় ৩০০ থেকে ৪০০টি ম্যান-পোর্টেবল এয়ার ডিফেন্স সিস্টেম (মানপ্যাডস) কিনছে ইরান। এসব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে চীনের ‘কিউডব্লিউ-১২’ এবং ‘এফএন-১৬’ ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও রয়েছে।
সূত্রগুলোর তথ্য অনুযায়ী, হংকংভিত্তিক বাণিজ্যিক প্রতিষ্ঠান ‘ঝংচিং বাওশাং ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট’-এর মাধ্যমে চুক্তিটি চূড়ান্ত করা হয়েছে। মধ্যস্থতাকারী হিসেবে প্রতিষ্ঠানটি ইরানের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে চীনের সামরিক অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠানের যোগাযোগ স্থাপনে ভূমিকা রেখেছে।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের সামরিক ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ অবকাঠামোর নিরাপত্তায় যে দুর্বলতা সামনে আসে, তা কাটিয়ে উঠতেই স্বল্পপাল্লার বিমান প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে তেহরান।
এসি//