পরিচয় মিলেছে দক্ষিণ আফ্রিকায় আগুনে পুড়ে নিহত ৬ বাংলাদেশির
দক্ষিণ আফ্রিকার কুইন্সটাউনে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছয় বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পাঁচজনের বাড়ি নারায়ণগঞ্জে এবং একজন মুন্সিগঞ্জ জেলার বাসিন্দা। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মঙ্গলবার (২৮ জুলাই) স্থানীয় সময় ভোররাতে এ মর্মান্তিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতদের স্বজন ও স্থানীয় সূত্রে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন— নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের ক্রোকের চর গ্রামের মো. ফাহিম (২৯), আপন আহমেদ (২৩) ও নুর মোহাম্মদ (৫৫)।
এ ছাড়া নিহতদের মধ্যে রয়েছেন নারায়ণগঞ্জের ফতুল্লা থানার বক্তাবলী ইউনিয়নের কানাইনগর গ্রামের মো. শাহিন (৩০) এবং সদর উপজেলার আলীরটেক ইউনিয়নের তৈলখিরার চর এলাকার মো. ফয়সাল (২৬)।
অপর নিহত ব্যক্তি মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার কালিন্দিপাড়া গ্রামের মো. রাজিক (৫৫)।
স্থানীয় সূত্র জানিয়েছে, মঙ্গলবার ভোররাত আনুমানিক তিনটার দিকে কুইন্সটাউনের ওই ব্যবসা প্রতিষ্ঠানে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। সে সময় তারা দোকানের ভেতরে ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়।
এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। তবে তার পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত করতে পারেনি স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
এসি//