গাজীপুরে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড
গাজীপুরে আবারও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার নগরীর কাশিমপুরে সুপ্রিম গার্মেন্টসের কার্টন ও সুতার গুদামে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে কাশিমপুর থানার শৈলান এলাকায় কারখানাটির গুদামে আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন লাগার খবর পেয়ে প্রথমে কাশিমপুর মিনি ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। পরে আগুনের তীব্রতা বাড়তে থাকলে সারাবো ফায়ার সার্ভিস স্টেশন থেকে আরও তিনটি ইউনিট যোগ দেয়। পাঁচটি ইউনিটের চেষ্টার পরও আগুনের ভয়াবহতা বাড়তে থাকায় পরে আরও চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।
কাশিমপুর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গুদামে প্রচুর পরিমাণে খালি কার্টন থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে গাজীপুরে একের পর এক শিল্পকারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর মাত্র এক সপ্তাহ আগে, গত ১৭ অক্টোবর বিকেল ৪টার দিকে কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসের ওষুধ কারখানায় বড় ধরনের আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট কাজ করে।
এরও তিন দিন আগে, গত ১৪ অক্টোবর টঙ্গীতে ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিট এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দলের সহযোগিতায় প্রায় সাড়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এসি//