বিয়ের নাটক সাজিয়ে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
রংপুরে বিয়ের প্রলোভনে এক কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি আজমাইন আব্দুল্লাহ উৎসকে (২৬) প্রায় দুই মাস পর গ্রেপ্তার করেছে পুলিশ। আজমাইন আব্দুল্লাহ উৎস কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর এলাকার সারাই জাগরণ পাগড়া গ্রামের তারিকুল ইসলামের ছেলে।
মঙ্গলবার (২৮ জুলাই) তাকে ধর্ষণ মামলায় গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠায় আরপিএমপির হারাগাছ থানা পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) রুহুল আমীন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, অভিযুক্ত আসামি নিজের বিবাহিত হওয়ার বিষয়টি গোপন রেখে ১৮ বছর বয়সী এক কলেজছাত্রীকে হারাগাছ থেকে রংপুরে কলেজে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দেন। মেয়েটি প্রস্তাব প্রত্যাখ্যান করলে আসামি ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।
গত বছরের ২ ডিসেম্বর আসামি মেয়েটিকে নিয়ে একটি স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে জানায়, তাদের বিয়ে হয়ে গেছে। এরপর একই দিন হারাগাছের ধুমগড়া এলাকায় এক ব্যক্তির বাড়িতে স্ত্রী পরিচয়ে সারারাত তাকে ধর্ষণ করেন। পরবর্তীতে বিভিন্ন স্থানে স্ত্রী পরিচয় দিয়ে একাধিকবার তাকে ধর্ষণ করেন বলে অভিযোগ রয়েছে।
কিছুদিন পর মেয়েটি বিয়ের কাগজ দেখতে চাইলে আসামি নানা অজুহাত দিতে শুরু করেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গত ২৪ এপ্রিল মেয়েটি সাক্ষীদের নিয়ে আজমাইনের বাড়িতে যান। সেখানে আজমাইন জানান, তিনি বিবাহিত এবং মেয়েটিকে বিয়ে করা তার পক্ষে সম্ভব নয়। এ সময় মেয়েটি প্রতিবাদ করলে আসামি তাকে টাকা নিয়ে বিষয়টি মীমাংসা করার প্রস্তাব দেন এবং ঘটনা প্রকাশ করলে গোপন ভিডিও ছড়িয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হারাগাছ মেট্রোপলিটন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক চৌহান জানান, এ ঘটনায় ৬ মে মেয়েটি বাদী হয়ে রংপুর আদালতে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই তাকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। তবে তিনি আত্মগোপনে চলে যান। প্রায় দুই মাসের চেষ্টার পর সোমবার র্যাব-১-এর সহায়তায় ঢাকা বিমানবন্দর থানাধীন এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে হারাগাছ থানায় এনে মঙ্গলবার দুপুরে গ্রেপ্তার দেখিয়ে রংপুর আদালতে পাঠানো হয়।