লাইফস্টাইল

রান্নার সময় ভাত বেশি নরম হয়ে গেছে? ঝরঝরে করুন তিন কৌশলে

ছবি: সংগৃহীত

ভাত রান্না করতে গিয়ে অনেক সময় একটু অসাবধানতায় তা অতিরিক্ত সিদ্ধ হয়ে যায়। ফলে ভাত হয়ে পড়ে নরম ও থকথকে। তবে এমন হলে ভাত ফেলে দেওয়া বা নতুন করে রান্না করার প্রয়োজন নেই। ঘরোয়া কয়েকটি সহজ কৌশলেই নরম ভাত আবারও অনেকটা ঝরঝরে করা সম্ভব।

মাইক্রোওয়েভের সাহায্য নিন

প্রথমে ভাতের অতিরিক্ত মাড় বা পানি ঝরিয়ে একটি চওড়া পাত্রে ছড়িয়ে দিন। এরপর ২ মিনিটের জন্য মাইক্রোওয়েভে গরম করুন। এতে ভাতের অতিরিক্ত আর্দ্রতা কমে যাবে এবং ভাত অনেকটাই ঝরঝরে হয়ে উঠবে।

 লবণের ব্যবহার

যাদের বাড়িতে মাইক্রোওয়েভ নেই, তারা লবণ ব্যবহার করতে পারেন। গরম ভাতের হাঁড়ির মাঝখানে একটি ছোট বাটিতে সামান্য লবণ রেখে ঢাকনা ভালোভাবে বন্ধ করে দিন। কয়েক মিনিট পর দেখবেন লবণ অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নিয়েছে, ফলে ভাতও আগের তুলনায় অনেকটা ঝরঝরে হয়ে গেছে।

পাউরুটির কৌশল

গরম ভাতের ওপর ৩ থেকে ৪ টুকরো পাউরুটি রেখে হাঁড়ির ঢাকনা বন্ধ করুন। প্রায় ২ মিনিট পর পাউরুটিগুলো তুলে ফেলুন। এগুলো ভাতের অতিরিক্ত আর্দ্রতা শুষে নেবে, ফলে ভাতের থকথকে ভাব কমে যাবে।

ভাত বেশি গলে গেলে কী করবেন?

কখনও কখনও ভাত এতটাই নরম হয়ে যায় যে এসব কৌশলও কাজে আসে না। সেক্ষেত্রে সেই ভাত দিয়েই তৈরি করতে পারেন সুস্বাদু খাবার। সামান্য পানি ও পছন্দের মসলা দিয়ে রান্না করে বানাতে পারেন রাইস স্যুপ বা রাইস পরিজ। এছাড়া ভাতের সঙ্গে ডিম, কুচি করা সবজি ও গোলমরিচ মিশিয়ে অল্প তেলে ভেজে তৈরি করতে পারেন মজাদার রাইস প্যানকেক, যা বিকেলের নাশতায় হতে পারে দারুণ একটি পদ।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন