২০ টাকার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ
পটুয়াখালীর কলাপাড়ায় সাইদুল খান (৩২) নামের এক যুবকের বিরুদ্ধে ২০ টাকার প্রলোভন দেখিয়ে প্রথম শ্রেনী পড়ুয়া এক শিশু শিক্ষার্থীকে ধর্ষন চেষ্টার অভিযোগ উঠেছে। গত শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া কলোনী এলাকায় এ ঘটনা ঘটে।
রোববার (২৬ জুলাই) মধ্যরাতে ওই শিশুর মা বাদী হয়ে কলাপাড়া থানায় একটি মামলা দায়ের করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবার জানায়, অভিযুক্ত সাইদুল কলাপাড়া শহরের এতিমখানার এলাকার বাসিন্দা। তিনি শ্বশুর বাড়িতে বেড়াতে এলে, গত শুক্রবার সন্ধ্যায় শিশুটিকে ২০ টাকার প্রলোভন দেখিয়ে তার শ্বশুর এবং ওই শিশুর ঘরের মধ্যবর্তী নির্জন স্থানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান।
পরে শিশুটিকে ২০ টাকা দিয়ে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখায়। শিশুটি টাকা দিয়ে বিস্কুট কিনে ঘরে গেলে তার মা টাকার বিষয় জানতে চাইলে সে ঘটনাটি তার মাকে জানায়। স্থানীয়রা বিষয়টি মিমাংসার করার চেষ্টা করেও ব্যর্থ হয়। পরে স্বজনদের পরামর্শে শিশুর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
ওসি ইলিয়াস তালুকদার বলেন, অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে। ওই শিশুর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য পটুয়াখালী পাঠানোর প্রক্রিয়া চলছে।
আর/আই