দেশজুড়ে

ছেলের টর্চলাইটের আঘাতে পিতার মৃত্যু

ছবি: সংগৃহীত

কুষ্টিয়ার দৌলতপুরে মহিষ বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ছেলের টর্চলাইটের আঘাতে বানেজ উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে রাজিব (২৮) ঘটনার পর থেকেই পলাতক রয়েছেন। নিহত বানেজ উদ্দিন ওই গ্রামের মৃত আমির চৌকিদারের ছেলে।

রোববার (২৬ জুলাই) রাতে উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের চড়ুইকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। দৌলতপুর থানার ওসি খালিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।     

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি মহিষ বিক্রির অর্থ ভাগাভাগি নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে রাজিবের হাতে থাকা একটি টর্চলাইট দিয়ে বাবার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় বানেজ উদ্দিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে মহিষকুন্ডি এলাকায় পৌঁছালে বানেজ উদ্দিনের মৃত্যু হয়।

ওসি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিষয়টি তদন্ত করা হচ্ছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

পি/ডি

এ সম্পর্কিত আরও পড়ুন