ইউক্রেনের হামলার পর কঠোর অবস্থানে ইরান, হুঁশিয়ারি আরাঘচির
কাস্পিয়ান সাগরে ইরানের একটি বাণিজ্যিক জাহাজে ইউক্রেনের হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। তিনি সতর্ক করে বলেছেন, এ হামলার কোনো জবাব না দিয়ে ইরান বসে থাকবে না।
রোববার (২৬ জুলাই) কাস্পিয়ান সাগরে সংঘটিত এ হামলায় বিস্ফোরণের কারণে একজন নাবিক নিহত এবং আরেকজন আহত হয়েছেন বলে জানিয়েছে তেহরান।
পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাঘচি জানান, ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কাজা কাল্লাস এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে পৃথক টেলিফোন আলাপে তিনি এ বিষয়ে ইরানের অবস্থান তুলে ধরেছেন।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, নিহত নাবিকের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। একই সঙ্গে আহত নাবিকদের সহায়তায় এগিয়ে আসায় আস্ত্রাখান অঞ্চলের স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আব্বাস আরাঘচি।
এ সময় ইউক্রেনের কিয়েভ প্রশাসনের এমন পদক্ষেপ অবিলম্বে বন্ধ হওয়া প্রয়োজন বলেও গুরুত্বারোপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়ার প্রকাশিত তথ্য অনুযায়ী, টেলিফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে ইরানের কূটনৈতিক উদ্যোগ সম্পর্কেও সের্গেই ল্যাভরভকে অবহিত করেন আব্বাস আরাঘচি।
সূত্র: আল জাজিরা
এসি//