দেশজুড়ে

কিশোরকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা, গণপিটুনিতে সন্ত্রাসী নিহত

ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো এবং ইয়াবা চুরির অপবাদে এক কিশোরকে হত্যার জেরে নুরুল ইসলাম প্রকাশ ইরান (৫০) নামের এক শীর্ষ মাদক ব্যবসায়ী গণপিটুনিতে নিহত হয়েছেন। নিহত ইরান ওই এলাকার মৃত নুরুল হকের ছেলে।

শনিবার (২৫ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ ভাটের খীল এলাকায় এই গণপিটুনির ঘটনা ঘটে।  সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোল্লা আলমগীর বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান,ইরান গত ২০ জুলাই একশ পিস ইয়াবা চুরির অপবাদ দিয়ে ১৭ বছরের কিশোর নাইমকে প্রকাশ্যে অমানবিক নির্যাতন করেনএর পাঁচ দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে মারা যান ওই কিশোর।

গতকাল শনিবার রাতে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে স্থানীয়রা ঐক্যবদ্ধ হয়ে ইরানকে প্রতিহত করার সিদ্ধান্ত নেন। পরে রাত নয়টার দিকে এলাকাবাসী তাকে খুঁজতে শুরু করে এবং তার একটি সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলে আগুন দেয়।

রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি গোয়ালঘর থেকে পালানোর সময় জনরোষের মুখে পড়েন ইরান। উত্তেজিত জনতা তাকে ধাওয়া করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এদিকে ক্ষুব্ধ এলাকাবাসী  ইরানের মৃত্যুর পর তার বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ সময় ইরানের পাশাপাশি তার তিন ভাই ও এক বোনের বসতঘরও আগুনে পুড়ে যায়।

পুলিশ জানিয়েছে, ইরানের বিরুদ্ধে দুটি হত্যা ও মাদক ব্যবসাসহ অন্তত চারটি মামলা রয়েছে। স্থানীয়দের দাবি, গত ৫ আগস্টের পর থেকে তিনি আরও বেশি বেপরোয়া হয়ে উঠেছিলেন।

ওসি তদন্ত মোল্লা আলমগীর জানান, কিশোর নাইম হত্যার পর তার বাবা মামলা দায়ের করেন। এর পর থেকেই পুলিশ আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে আসছিল। পরবর্তীতে রাতে এলাকাবাসীর গণপিটুনিতে তিনি নিহত হন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় ইরানের দুই সহযোগীকে আলতাফ (৪৫) ও বাদশাকে (৫০) আটক করেছে পুলিশ।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন