ইসরায়েলি নিরাপত্তামন্ত্রীর বাড়ির কাছ থেকে ড্রোন উদ্ধার-ইসরায়েলে সতর্কতা
ইসরায়েলের কট্টর ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের আবাসস্থলের কাছাকাছি এলাকায় একটি অজ্ঞাত ড্রোন পাওয়ার পর ইসরায়েলি নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্কাবস্থা জারি করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১৪’র প্রতিবেদন থেকে জানা গেছে, পুলিশসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে ঘটনাটির তদন্ত শুরু করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যমদ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরের কিরিয়াত আরবা এলাকার গিভাত হাআভোট পাড়ায় শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় ড্রোনটি দেখতে পাওয়া যায়। মন্ত্রী বেন-গভিরের বাসাটি ঠিক এই অঞ্চলেই অবস্থিত।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ঘটনাস্থল থেকে ড্রোনটি জব্দ করে পরীক্ষার জন্য নিয়ে যায়।
পরবর্তীতে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, উদ্ধার করা ড্রোনটি মূলত স্থানীয় এক কিশোরের, যা গত শুক্রবার (২৪ জুলাই) ওই এলাকায় পড়ে গিয়েছিল। তা সত্ত্বেও ড্রোনটির আসল উদ্দেশ্য ও কারিগরি দিক খতিয়ে দেখতে কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে।
এর আগে গত সেপ্টেম্বর মাসে হেবরনের স্থানীয় কিছু বাসিন্দা বিস্ফোরকভর্তি ড্রোন ব্যবহার করে বেন-গভিরকে হত্যার একটি বড় পরিকল্পনা করেছিল বলে জানিয়েছিল শিন বেত (অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা) ও পুলিশ। সে সময় ওই চক্রান্তকারীদের আটকও করা হয়েছিল।
তদন্তকারীদের তথ্যমতে, ইহুদিদের একটি ধর্মীয় উৎসবে ইব্রাহিমি মসজিদ পরিদর্শনের সময় মন্ত্রীকে টার্গেট করার পরিকল্পনা ছিল তাদের।
তবে শনিবার উদ্ধার হওয়া এই ড্রোনের সঙ্গে আগের সেই হত্যার চেষ্টার কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে ইসরায়েলি প্রশাসন এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
আর/আই