চিলির ক্লাবে যোগ দিচ্ছেন বিশ্বকাপের চমক ভোজিনহা
সদ্যসমাপ্ত বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ফুটবল দুনিয়াকে চমকে দিয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা। সেই অনবদ্য নৈপুণ্যেরই যেন স্বীকৃতি পেলেন ৩৯ বছর বয়সী এই অভিজ্ঞ তারকা। এবার চিলির অন্যতম সেরা ও ঐতিহ্যবাহী ফুটবল ক্লাব কোলো-কোলোর গোলবার সামলানোর দায়িত্ব নিতে যাচ্ছেন তিনি।
শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে এই খবরটি নিশ্চিত করেছেন ফুটবল দলবদল বিষয়ক বিখ্যাত ইতালীয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।
পর্তুগালের দ্বিতীয় সারির ক্লাব চাভেসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে বর্তমানে ‘ফ্রি এজেন্ট’ হিসেবে ছিলেন ভোজিনহা। চিলিয়ান ক্লাবটির সঙ্গে তার এই নতুন চুক্তির মেয়াদ হবে ২০২৭ সালের ডিসেম্বর পর্যন্ত।
আর্জেন্টাইন জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যম ‘ওলে’-কে দেওয়া এক সাক্ষাৎকারে কোলো-কোলোর সভাপতি অনিবাল মোসাও চুক্তির বিষয়টি স্বীকার করেছেন।
তিনি জানান, ভোজিনহার সঙ্গে আমাদের চূড়ান্ত সমঝোতা হয়ে গেছে। এখন কেবল ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। মূলত ২০২৭ সালের কোপা লিবার্তাদোরেস টুর্নামেন্টে বড় কোনো অর্জনের লক্ষ্যেই এই গোলরক্ষককে দলে টানল কোলো-কোলো।
উল্লেখ্য, সদ্য সমাপ্ত বিশ্বকাপে উরুগুয়ে ও স্পেনের মতো দলের বিপক্ষে দারুণ সব সেভ করার পর, শেষ বত্রিশে আর্জেন্টিনার বিপক্ষেও অবিশ্বাস্য নৈপুণ্য দেখিয়ে রাতারাতি তারকা খ্যাতি পান ভোজিনহা। এর প্রভাব পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও, টুর্নামেন্ট চলাকালে ও এরপরে তার ইনস্টাগ্রাম ফলোয়ারের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বেড়ে দাঁড়ায় ২৯ মিলিয়নে।
এমন দুর্দান্ত পারফরম্যান্সের পর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস) ক্লাব ইন্টার মিয়ামিসহ আরও বেশ কয়েকটি দল তাকে পেতে চেয়েছিল। তবে সব প্রস্তাব ফিরিয়ে চিলির ক্লাবটিকেই নিজের পরবর্তী গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন এই তারকা গোলরক্ষক।
কোলো-কোলোতে গিয়ে ভোজিনহা হেড কোচ হিসেবে পাচ্ছেন অভিজ্ঞ আর্জেন্টাইন ফার্নান্দো এল তানো ওরতিজকে। পাশাপাশি ড্রেসিংরুমে সতীর্থ হিসেবে তার সঙ্গে থাকবেন চিলির কিংবদন্তি মিডফিল্ডার আর্তুরো ভিদাল এবং বেশ কয়েকজন তারকা আর্জেন্টাইন ফুটবলার।
আর/আই