আন্তর্জাতিক

বড় ধরণের বিপদের মধ্যে রয়েছে ইরান: মার্কো রুবিও

চলমান সংঘাতের ফলে ইরানের অর্থনীতি ও সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার দাবি, তেহরান বর্তমানে বড় ধরনের সংকটের মধ্যে রয়েছে।

বুধবার (২২ জুলাই) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ফিলিপাইনে অনুষ্ঠিত আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে রুবিও বলেন, যুদ্ধক্ষেত্রে প্রাণহানির ঝুঁকি সব সময়ই থাকে। যুক্তরাষ্ট্রের সেনা হতাহতের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেখানে যুদ্ধ চলছে, সেখানে এমন ঝুঁকি বাস্তবতারই অংশ।”

ইরানের পাল্টা হামলার সক্ষমতা নিয়ে মন্তব্য করতে গিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, গেল দুই দশকে তেহরান যে বিপুল অর্থ সামরিক খাতে ব্যয় করেছে, বর্তমান পরিস্থিতি তারই প্রতিফলন। তিনি বলেন, দেশের উন্নয়ন বা জনগণের কল্যাণে বিনিয়োগ না করে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন কর্মসূচি জোরদার এবং বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা দিতেই অর্থ ব্যয় করেছে।

রুবিও আরও দাবি করেন, চলমান সংঘাতে ইরানের সামরিক অবকাঠামোও ব্যাপক ক্ষতির মুখে পড়েছে।

লোহিত সাগরের বাব আল-মান্দেব প্রণালিতে ইয়েমেনের হুথিদের বাণিজ্যিক জাহাজে হামলার হুমকি নিয়েও কথা বলেন রুবিও। তিনি জানান, বিষয়টি নিয়ে গত এক সপ্তাহে সৌদি আরবের সঙ্গে একাধিকবার আলোচনা করেছে ওয়াশিংটন। 

তবে তার মতে, এটি নতুন কোনো পরিস্থিতি নয়; অতীতেও এমন হুমকি দেখা গেছে।

এ সময় মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতার জন্য সরাসরি ইরানকে দায়ী করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, হুথি, হিজবুল্লাহ, হামাস এবং ইরাকভিত্তিক বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থ ও সমর্থন দিয়ে অঞ্চলজুড়ে অস্থিরতা বাড়াচ্ছে তেহরান। 

তিনি দাবি করেন, জনগণের উন্নয়নের পরিবর্তে এসব গোষ্ঠীর পৃষ্ঠপোষকতায় ইরান বিপুল অর্থ ব্যয় করেছে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন