আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা
পাবনার আতাইকুলা থানার ভূলবাড়িয়া ইউনিয়নে আব্দুস শুকুর (৪০) নামে স্থানীয় এক আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) নেতাকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আব্দুস শুকুর রতনপুর গ্রামের মৃত রোকন প্রামানিকের ছেলে। তিনি ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলী গের সহ-সভাপতি ছিলেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার রতনপুর উত্তরপাড়া এলাকার একটি বাগানের জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, শুক্রবার রাত ৯টার দিকে আব্দুস শুকুর বাড়ি থেকে বের হন। এরপর গভীর রাত পর্যন্ত তিনি বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে আত্মীয় ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাননি।
আজ বিকেল সাড়ে ৪টার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলের মধ্যে স্থানীয়রা একটি গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরিবারের সদস্যরা মরদেহটি আব্দুস শুকুরের বলে শনাক্ত করেন।
ওসি মজিবর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে জানা যাবে।
আই/এ