এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ফায়দা লোটার চেষ্টা করেছে
শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে কাজ করছে সরকার : মাহদী আমিন
প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারত সরকারের সঙ্গে প্রত্যর্পণ-সংক্রান্ত বিষয়ে কাজ করছে সরকার। শেখ হাসিনা ও তার পরিবারের প্রায় ৭৬ হাজার কোটি টাকার সম্পদ জব্দ করা হয়েছে। এছাড়া পাচার হওয়া অর্থ ফেরাতে এরই মধ্যে ১০টি দেশের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে।
শনিবার (১৮ জুলাই) বিকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বর্তমান সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, বিচার বিভাগ দণ্ডপ্রাপ্ত আসামিদের বিচার নিশ্চিত করবে। বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে কোনও মন্ত্রী বা প্রতিমন্ত্রী জড়িত থাকলে জনগণের প্রত্যাশা অনুযায়ী সরকার সিদ্ধান্ত নেবে।
তিনি বলেন, চট্টগ্রামের বন্যা-পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় টিকা, ত্রাণ ও অনুদানসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনে তৃতীয় পক্ষ ফায়দা লোটার চেষ্টা করেছে তবে আন্দোলনে অংশ নেওয়া ভুয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিয়ে সরকার অভিভাবকসুলভ আচরণ করবে।
তিনি আরও বলেন, স্বাস্থ্য খাতের বিষয়ে মাহদী আমিন বলেন, দীর্ঘদিনের সংকট মোকাবিলায় শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলছে। পাশাপাশি উৎপাদিত কৃষিপণ্য সংরক্ষণের জন্য সারা দেশে দুই হাজার আধুনিক মিনি কোল্ড স্টোরেজ নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে।
উপদেষ্টা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে বোয়িং ও এয়ারবাসের নতুন উড়োজাহাজ যুক্ত করার লক্ষ্যে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এছাড়াও দেশের আকাশসীমা নজরদারির জন্য অ্যান্টি-ড্রোন ও মাইন ডিটেক্টরসহ বিভিন্ন সরঞ্জাম মোতায়েন করা হয়েছে।
আই/এ