জাতীয়

ডিএফসির যোগ্যতা অর্জনে বাড়তে পারে মার্কিন বিনিয়োগ: মাহদী আমিন

শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের ফলে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশনের (ডিএফসি) অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে জ্বালানি ও প্রযুক্তিসহ দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের বিনিয়োগ বাড়ার পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সচিবালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

মাহদী আমিন বলেন, শ্রমবান্ধব নীতিমালা প্রণয়নের মাধ্যমে বাংলাদেশ ডিএফসির যোগ্যতা অর্জন করেছে। এতে দেশের গুরুত্বপূর্ণ খাতগুলোতে বিদেশি বিনিয়োগের সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে দেশীয় কর্মসংস্থান বাড়ার সুযোগও তৈরি হবে।

এ সময় দেশে ও দেশের বাইরে অবস্থানরত পলাতক রাজনৈতিক শক্তির সহিংস কর্মকাণ্ডের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, তাদের কর্মকাণ্ডই প্রমাণ করে, কেন তারা দেশ ছেড়ে পালিয়েছিল।

মাহদী আমিন আরও বলেন, আওয়ামী লীগ দেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করেছিল। তবে সরকার ধৈর্য ও সহনশীলতার মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন অর্থায়ন সংস্থা ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স করপোরেশন (ডিএফসি) এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। এর ফলে বাংলাদেশে গৃহীত প্রকল্পগুলো এখন থেকে সংস্থাটির অর্থায়নের যোগ্য বলে বিবেচিত হবে।

গেল সোমবার সংস্থাটির ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।

এতে বলা হয়, বেসরকারি বিনিয়োগ সচল করার মাধ্যমে বাংলাদেশের বিপুল অর্থনৈতিক উন্নয়নের চাহিদা পূরণে সহায়তা করার ক্ষেত্রে এই নতুন যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে।

ডিএফসি জানায়, দক্ষিণ এশিয়ায় তারা জ্বালানি, গুরুত্বপূর্ণ অবকাঠামো ও প্রযুক্তি প্রকল্পে সহায়তার মাধ্যমে বিনিয়োগ করে।

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন