ঢামেক থেকে রোগী ভাগানোর সময় দালাল আটক, পুলিশে সোপর্দ
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নতুন ভবনের সামনে থেকে রোগীকে বহিরাগত ক্লিনিকে নেওয়ার চেষ্টাকালে হযরত আলী (২৭) নামে এক দালালকে হাতেনাতে আটক করেছে আনসার সদস্যরা। আটক হযরত আলী চানখাঁরপুল এলাকার ‘মাই হেলথ ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টার’-এ কাজ করতো।
শনিবার (১৮ জুলাই) দুপুর আনুমানিক ১২টার দিকে তাকে আটক করার পর প্রথমে প্রশাসনিক ভবনে নেওয়া হয়। পরে হাসপাতালের পুলিশ ক্যাম্পে হস্তান্তর করা হয়। ঢামেক হাসপাতালের আনসার প্লাটুন কমান্ডার (পিসি) মো. শাহাদাত গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মো. শাহাদাত জানান, অভিযুক্ত দালাল নতুন ভবনের দ্বিতীয় তলায় গিয়ে কম খরচে দ্রুত পরীক্ষা-নিরীক্ষা করানোর লোভ দেখিয়ে রোগী ও তাদের স্বজনদের প্রলুব্ধ করার চেষ্টা করছিল। সে তাদেরকে ফুসলিয়ে চানখাঁরপুলের একটি বেসরকারি প্যাথলজি ল্যাবে নিয়ে যাওয়ার পাঁয়তারা করছিল।
বিষয়টি বুঝতে পেরে রোগীর স্বজনরা আনসার সদস্যদের খবর দেন। তাৎক্ষণিকভাবে তাকে আটক করে প্রশাসনিক ব্লকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে পরিচালকের নির্দেশে অভিযোগকারীসহ ওই দালালকে হাসপাতাল পুলিশ ক্যাম্পে সোপর্দ করা হয়।
স্থানীয় ও ভুক্তভোগীদের অভিযোগ, ঢামেক হাসপাতালের বিপরীত পাশে চানখাঁরপুল এলাকায় অনুমোদনহীন ও নিয়মবহির্ভূতভাবে অসংখ্য প্যাথলজি ল্যাব গড়ে উঠেছে। এসব ল্যাবের দালাল চক্র সুযোগ বুঝে হাসপাতালের নতুন ভবনের দ্বিতীয় তলাসহ বিভিন্ন ওয়ার্ডে ঢুকে পড়ে। এরপর কম টাকা ও দ্রুত রিপোর্টের লোভ দেখিয়ে তারা প্রতিনিয়ত রোগীদের বাইরের ল্যাবগুলোতে নিয়ে গিয়ে প্রতারিত করছে।
আর/আই