দেশজুড়ে

নতুন বউ নিয়ে ফেরার পথে মাইক্রোবাস দুর্ঘটনা, শিশুসহ প্রাণ গেল ২ জনের

ছবি: সংগৃহীত

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় বিয়ে শেষে নববধূকে নিয়ে বাড়ি ফেরার পথে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে সাত মাস বয়সি এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১২ জন আহত হয়েছেন, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

শুক্রবার (১৭ জুলাই) দিবাগত রাত প্রায় ৩টার দিকে কিশোরগঞ্জ-টেংগনামারী সড়কের শাল্টিবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সদর উপজেলার কচুকাটা ইউনিয়নের বন্দরপাড়া এলাকার জিকরুল ইসলামের সাত মাস বয়সী ছেলে জীবন ইসলাম এবং একই এলাকার মোজা মিয়ার ছেলে রিয়াদ ইসলাম (২০)। রিয়াদ এবার এইচএসসি পরীক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে কচুকাটা বন্দরপাড়া এলাকার মোরছালিনের সঙ্গে কিশোরগঞ্জ সদর ইউনিয়নের কেশবা গ্রামের সুমাইয়া আক্তারের বিয়ে সম্পন্ন হয়। বিয়ে শেষে বরযাত্রীরা নববধূকে নিয়ে একটি মাইক্রোবাসে করে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথে শাল্টিবাড়ি এলাকায় পৌঁছালে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে মাইক্রোবাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বর-কনেসহ অন্তত ১৪ জন আহত হন।

স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহতদের কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক জীবন ইসলাম ও রিয়াদ ইসলামকে মৃত ঘোষণা করেন। আহত বাকি ১২ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীল রতন দেব জানান, হাসপাতালে আনার পর দুজনের মৃত্যু নিশ্চিত করা হয়। অন্যদের অবস্থার গুরুত্ব বিবেচনায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত দুজনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

এমএ//

এমএ//

 

এ সম্পর্কিত আরও পড়ুন