আন্তর্জাতিক

যৌতুকে দামি গাড়ির দাবি, খেলনা গাড়ি দিয়ে বিয়ে ভাঙলেন কনের বাবা

বিয়ের আয়োজন, অতিথিদের অপেক্ষা আর দুই পরিবারের নতুন সম্পর্কের আনুষ্ঠানিকতা—সবকিছুই প্রায় চূড়ান্ত। কিন্তু বিয়ের আনন্দের মাঝেই বরপক্ষের একটি দাবি বদলে দিল পুরো আয়োজনের চিত্র। যৌতুক হিসেবে চাওয়া হয়েছিল দামি গাড়ি। শেষ পর্যন্ত সেই দাবির জবাবে আসল গাড়ির বদলে বরপক্ষের হাতে খেলনা গাড়ি তুলে দিয়ে বিয়ে বাতিল করলেন কনের বাবা।

ব্যতিক্রমী এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের মিরাট জেলার ভাবনপুর থানার অন্তর্গত জ্ঞানপুর গ্রামে।

শনিবার (২৮ নভেম্বর) ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম প্রেস জার্নালের প্রতিবেদন অনুযায়ী, প্রায় পাঁচ মাস আগে জ্ঞানপুর গ্রামের এক যুবকের সঙ্গে পরতাপুর থানার সালওয়ানা গ্রামের এক তরুণীর বিয়ে ঠিক হয়। বাগদান অনুষ্ঠানে কনের পরিবার বরপক্ষকে নগদ এক লাখ রুপি ও বিভিন্ন উপহার দিয়েছিল বলে জানা গেছে।

তবে বিয়ের দিন যত ঘনিয়ে আসে, ততই বাড়তে থাকে বরপক্ষের দাবি। প্রায় এক মাস আগে বরপক্ষ একটি জমি বিক্রি করে। বিষয়টি জানতে পেরে যৌতুক হিসেবে মাহিন্দ্রা থার গাড়ি দাবি করেন তারা। কনের পরিবার একাধিকবার বোঝানোর চেষ্টা করলেও নিজেদের দাবি থেকে সরে আসেনি বরপক্ষ।

এরপর আসে বিয়ের দিনক্ষণ চূড়ান্ত করার ঐতিহ্যবাহী 'লাগ্নপত্র' অনুষ্ঠানের পালা। এ উপলক্ষে বরপক্ষকে নিজের বাড়িতে আমন্ত্রণ জানান কনের বাবা। সকাল থেকেই শুরু হয় অপেক্ষা। কিন্তু সেই অপেক্ষার শেষটা যে এমন হবে, তা হয়তো ধারণা করতে পারেননি কেউ।

সকাল থেকে রাত প্রায় ১০টা পর্যন্ত বরপক্ষকে অপেক্ষায় রাখেন কনের বাবা। এরপর তাদের হাতে তুলে দেন প্লাস্টিকের তৈরি একটি খেলনা থার গাড়ি।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় ৯০ সেকেন্ডের ভিডিওতে কনের বাবাকে বলতে শোনা যায়, 'এই নিন, হাতে ধরুন। আপনাদের একজন মানুষ নয়, একটি গাড়ি দরকার ছিল। আপনাদের গাড়ি দিয়েছি, এবার চালান। আপনারা নিজেদের বাড়িতে সুখে থাকুন, আমরাও আমাদের বাড়িতে সুখে থাকব।'

ভিডিওতে তিনি আরও জানান, সকাল থেকেই বরপক্ষ গাড়ির জন্য অপেক্ষা করছিল। অবশেষে তাদের দাবির পরিপ্রেক্ষিতে খেলনা গাড়ি তুলে দেওয়া হয়েছে। এ সময় আনুষ্ঠানিকভাবে বাগদান ও বিয়ে বাতিলের ঘোষণা দেন কনের বাবা।

যৌতুকের দাবিতে অনড় বরপক্ষকে এভাবেই ভিন্নভাবে জবাব দেন কনের বাবা। বিয়ের আনুষ্ঠানিকতা এগিয়ে নেওয়ার পরিবর্তে খেলনা গাড়ি তুলে দিয়ে তিনি স্পষ্ট করে দেন, এমন দাবির কাছে নতি স্বীকার করতে রাজি নন তারা।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন