খেলাধুলা

ম্যাচে রেফারি এলফাত মানেই মেসিদের জয়

২০২৬ ফিফা বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বুধবার রাতে আটলান্টায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বহুল প্রতীক্ষিত এই লড়াই পরিচালনার দায়িত্ব দিয়েছে ফিফা মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি ইসমাইল এলফাতকে। আর এই নিয়োগের ঘোষণার পর থেকেই ফুটবল অঙ্গনে নতুন করে আলোচনায় এসেছে একটি ব্যতিক্রমী পরিসংখ্যান।

আন্তর্জাতিক ফুটবলভিত্তিক সংবাদমাধ্যম ওয়ার্ল্ড সকার টক-এর এক বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে, ইসমাইল এলফাত ম্যাচ অফিশিয়াল হিসেবে দায়িত্ব পালন করা কোনো ম্যাচেই এখন পর্যন্ত পরাজয়ের স্বাদ পায়নি লিওনেল মেসির আর্জেন্টিনা।

প্রতিবেদন অনুযায়ী, মরক্কান-আমেরিকান এই রেফারির উপস্থিতিতে মেসিদের রেকর্ড এখন পর্যন্ত শতভাগ সফল। অর্থাৎ এলফাতের পরিচালনায় মাঠে নামা প্রতিটি ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। ফলে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালের আগে এই পরিসংখ্যান ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে কৌতূহল ও আলোচনা আরও বেড়ে গেছে।

তবে শেষ পর্যন্ত এই রেকর্ড অক্ষুণ্ন থাকে, নাকি বিশ্বকাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ মঞ্চে সেটি ভেঙে দেয় ইংল্যান্ড—সেই উত্তর মিলবে আটলান্টার মহারণেই।

কে এই ইসমাইল এলফাত?

‘ওয়ার্ল্ড সকার টক’ তাদের প্রতিবেদনে বিস্তারিত তুলে ধরেছে যে, ইসমাইল এলফাত অফিশিয়াল বা দায়িত্বে থাকা অবস্থায় লিওনেল মেসির দল মোট ৫টি ম্যাচ খেলেছে এবং পাঁচটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছে।

এই তালিকার সবচেয়ে স্মরণীয় ম্যাচটি ছিল ২০২২ সালের কাতার বিশ্বকাপ ফাইনাল। লুসাইল স্টেডিয়ামে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে আর্জেন্টিনার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার সেই শ্বাসরুদ্ধকর রাতে ডাগআউটে চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এই ইসমাইল এলফাত।

২০২৩ সালে মেসি আমেরিকার মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এলফাত দলটির মোট ৪টি ম্যাচ পরিচালনা করেছেন। যার সবকটিতেই শেষ হাসি হেসেছে মায়ামি। এর মধ্যে অন্যতম ছিল ২০২৩ সালের ঐতিহাসিক লিগস কাপের ফাইনাল, যেখানে টাইব্রেকারে চ্যাম্পিয়ন হয়ে মায়ামির ইতিহাসে প্রথম ট্রফি উঁচিয়ে ধরেছিলেন মেসি।

২০২৬ বিশ্বকাপে ইতোমধ্যেই নিজের দক্ষতার পরিচয় দিয়েছেন ইসমাইল এলফাত। আসরের এটি হবে তার চতুর্থ ম্যাচ। এর আগে গ্রুপ পর্বে জাপান-নেদারল্যান্ডস ও স্পেন-উরুগুয়ের ম্যাচ পরিচালনা করেছেন তিনি। এছাড়া শেষ ষোলোর লড়াইয়ে ব্রাজিলের বিপক্ষে নরওয়ের ২-১ গোলের জয়ের ম্যাচেও সফলভাবে দায়িত্ব পালন করেছেন এই মরক্কো বংশোদ্ভূত মার্কিন রেফারি।

 

এসি//

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন