খেলাধুলা

ফ্রান্সকে হারানোর পর আবেগাপ্লুত স্পেন কোচ

ফ্রান্সকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন। এই জয়ের পর নিজের দলকে বিশ্বের সেরা বলে অভিহিত করেছেন প্রধান কোচ লুইস দে লা ফুয়েন্তে। তার মতে, শক্তিশালী ফ্রান্সও ডালাসে এমন একটি দলের মুখোমুখি হয়েছিল, যারা বর্তমানে বিশ্ব ফুটবলের সেরা।

মঙ্গলবার ( ১৪ জুলাই) বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মিকেল ওইয়ারসাবাল ও পেদ্রো পোরোর গোলে ফ্রান্সকে ২-০ ব্যবধানে হারায় স্পেন। ২০১০ সালের পর এই প্রথম বিশ্বকাপের ফাইনালে উঠল লা রোখারা।

ম্যাচ শেষে আবেগাপ্লুত দে লা ফুয়েন্তে খেলোয়াড়দের পারফরম্যান্স, দায়বদ্ধতা এবং দলীয় ঐক্যের প্রশংসা করেন।

তিনি জানান, ম্যাচের আগে সবাই জানতেন ফ্রান্স বিশ্বের অন্যতম শক্তিশালী দল। তবে তার বিশ্বাস, সেদিন ফরাসিদের সামনে ছিল বিশ্বের সেরা দল। স্পেনের ফুটবলাররা কঠিন ম্যাচকেও নিজেদের নৈপুণ্যে সহজ করে তুলেছেন বলেও মন্তব্য করেন তিনি।

বিশ্বকাপের ফাইনালে ওঠাকে বিশেষ অর্জন হিসেবে দেখছেন স্পেন কোচ।

তার মতে, এই মঞ্চে জায়গা করে নেওয়া সবার পক্ষে সম্ভব নয়। এখানে পৌঁছাতে হলে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হয়, আর এমন সাফল্যের দায়িত্বও সমানভাবে বহন করতে হয়।

দে লা ফুয়েন্তে মনে করেন, বর্তমান স্পেন দলের মধ্যে ২০১০ সালে বিশ্বকাপজয়ী দলের মানসিকতার প্রতিফলন দেখা যাচ্ছে। এর উদাহরণ হিসেবে তিনি ম্যাচ শেষে বেঞ্চে থাকা ফুটবলারদের কথাও তুলে ধরেন। যারা সেদিন মাঠে নামার সুযোগ পাননি, তারাও ম্যাচ শেষে অনুশীলনে অংশ নিয়েছেন।

স্পেন কোচের মতে, এই দৃশ্যই দলের ভেতরের শৃঙ্খলা, দায়বদ্ধতা এবং ঐক্যের সবচেয়ে বড় প্রমাণ।

তবে জয় পেলেও রেফারিং নিয়ে কিছুটা অসন্তোষ প্রকাশ করেছেন দে লা ফুয়েন্তে।

তার অভিযোগ, ফ্রান্সের কয়েকজন ফুটবলারের কঠিন ট্যাকলের ঘটনায় রেফারি প্রয়োজনের তুলনায় বেশি ছাড় দিয়েছেন।

আগামী রোববার (১৯ জুলাই) নিউ জার্সিতে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মাঠে নামবে স্পেন। শিরোপার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ী।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন