দেশজুড়ে

রাজধানীতে এসি বিস্ফোরণে দগ্ধ ১০ জন

রাজধানীর বংশালের আলুবাজার এলাকায় একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণের ঘটনায় ১০ জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে নয়জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।

গতকাল মঙ্গলবার (১৪ জুলাই) দিবাগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে রাত দেড়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমানা

দগ্ধ ব্যক্তিরা হলেন, সেলুনের কাস্টমার মো. ফারুক (৩৫), রিংকু (৩০), রনি (৩৬), জসিম (৪০), রফিক (২৫) এবং সেলুনের কর্মী সামশেদ (৩০), রাজু (৩৪), পাপ্পু (২৬), সাকিব (১৭) ও আরমান (৩৭)।

আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, চিকিৎসাধীন ব্যক্তিদের মধ্যে ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ এবং সামশেদ ও আরমানের ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

এছাড়া রফিক ১২ শতাংশ, রনি ১০ শতাংশ, জসিম ৮ শতাংশ ও সাকিব ১ শতাংশ দগ্ধ হয়েছেন।আহতদের মধ্যে ৩ জনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে আজ বুধবার (১৫ জুলাই) সকালে দগ্ধদের দেখতে বার্ন ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তিনি চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজখবর নেন এবং সব ধরনের সহায়তার আশ্বাস দেন। পাশাপাশি সাধারণ মানুষকে এসি ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

আর/আই

এ সম্পর্কিত আরও পড়ুন