আন্তর্জাতিক

'হরমুজ প্রণালিতে ফি আদায়ের ধারণা আমার পছন্দ নয়'

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের ফি আদায়ের ধারণা নিজের পছন্দ নয় বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১৪ জুলাই) হোয়াইট হাউসে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জায়েদির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ট্রাম্প বলেন, “আমি ফি নেওয়ার ধারণাটি পছন্দ করি না।”

এর আগে সোমবার তিনি ঘোষণা দিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর যুক্তরাষ্ট্র ২০ শতাংশ টোল আরোপ করবে। তবে মঙ্গলবার তিনি জানান, উপসাগরীয় কয়েকটি দেশের নেতা বিকল্প প্রস্তাব নিয়ে তার সঙ্গে যোগাযোগ করেছেন।

তিনি বলেন, তারা বলেছে, আমরা এটি অন্যভাবে করতে চাই। আমরা যুক্তরাষ্ট্রে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করতে চাই।

ট্রাম্প বলেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করার বিনিময়ে যুক্তরাষ্ট্রে বিনিয়োগকে ওয়াশিংটন স্বাগত জানাবে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প আবারও দাবি করেন, চলমান সংঘাতের সূচনা করেছে ইরান। তিনি বলেন, “আমি তাদের একটি সমঝোতার সুযোগ দিতে চেয়েছিলাম। কিন্তু তারাই আগে হামলা চালিয়েছে। এটি তাদের বড় ভুল ছিল। এরপর থেকে আমরা তাদের ওপর কঠোর আঘাত হেনেছি।”

মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে ইরানের সামরিক সক্ষমতার বেশির ভাগই ধ্বংস হয়ে গেছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ বা বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি।

ট্রাম্প জানান, কংগ্রেসে বিবেচনাধীন রাশিয়াবিষয়ক নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকে অন্তর্ভুক্ত করার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

সূত্র: আলজাজিরা

 

এমএ//

এ সম্পর্কিত আরও পড়ুন