ঢাকা শিক্ষাবোর্ড ঘেরাও করে এইচএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ
শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ তিন দফা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা।
মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর আড়াইটার পর শিক্ষা বোর্ডের সামনে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। ডিএমপির লালবাগ বিভাগের চকবাজার জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
শিক্ষার্থীরা এসময় শিক্ষামন্ত্রীর পদত্যাগ চেয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে বোর্ড থেকে শিক্ষার্থীদের পক্ষ থেকে আলোচনার জন্য একটা প্রতিনিধি ভেতরে যাওয়ার অনুরোধ জানালে শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করেন।
ঢাকা আইডিয়াল কলেজের শিক্ষার্থী মারুফ হাসান বলেন, শিক্ষামন্ত্রী কিভাবে পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলে ট্রিট করেন! ওনি কি ভুলে গেছে এই ফার্মের মুরগিরাই কিন্তু ২৪ এ রক্ত দিয়েছে বলে সে শিক্ষামন্ত্রী হতে পেরেছে।তাদের এখন একমাত্র দাবি হলো শিক্ষামন্ত্রীর পদত্যাগ। একজন শিক্ষাবান্ধব ব্যক্তিকে যেন ওনার স্থলে শিক্ষামন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।
এসি মো. মাহফুজুর রহমান বলেন, শিক্ষার্থীদের যে দাবি সেটার সাথে শিক্ষা বোর্ডের কোনো সম্পর্ক নেই৷ তারপরও শিক্ষার্থীরা এখানে অবস্থান করছে। তাদেরকে বুঝিয়ে বলেছি কিন্তু তারা যদি না শুনে তাহলে কিছু করার নেই।
আই/এ