হরমুজ প্রণালির ‘অভিভাবকত্ব’ নিলেন ট্রাম্প, বাণিজ্যিক জাহাজে ২০% টোল ঘোষণা
আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালির ‘অভিভাবকের’ ভূমিকা নেওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এখন থেকে এই প্রণালি দিয়ে চলাচলকারী সব বাণিজ্যিক জাহাজ থেকে ২০ শতাংশ হারে টোল আদায় করা হবে বলে জানিয়েছেন তিনি।
গত সোমবার (১৩ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রকে এই প্রণালির অভিভাবক হিসেবে উল্লেখ করে বলেন, ‘খুব দ্রুতই আমরা এর নিয়ন্ত্রণ নিতে নেবো’।
এর কিছুক্ষণ পর নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক পোস্টে তিনি বিষয়টি আরও স্পষ্ট করে ট্রাম্প লেখেন, ‘ইরান থাকুক আর না থাকুক, হরমুজ প্রণালি সবসময় উন্মুক্ত থাকবে। আর সেখানে চলাচলকারী জাহাজগুলোর নিরাপত্তা ও সুরক্ষার দায়িত্ব এখন থেকে যুক্তরাষ্ট্রের। এই নিরাপত্তা নিশ্চিত করার খরচ তুলতেই পণ্যবাহী জাহাজগুলোর ওপর ২০ শতাংশ টোল আরোপ করা হবে’।
একই পোস্টে ট্রাম্প আরও জানান, ‘ইরানের বন্দরগুলোর ওপর আবারও মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। ফলে ইরানের কোনো জাহাজ বা তাদের ক্রেতারা এখন থেকে হরমুজ প্রণালি ব্যবহার করে যাতায়াত করতে পারবে না। তবে বিশ্বের অন্য সব দেশের বাণিজ্যিক জাহাজের জন্য এই পথ খোলা থাকবে’।
গত ১৭ জুন ইসলামাবাদ শান্তি চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তিন মাসের যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছিল। কিন্তু গত ৫ জুলাই হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) হামলা চালালে দুই দেশের সংঘাত আবারও চাঙ্গা হয়ে ওঠে।
মূলত হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিদেশি জাহাজ থেকে ইরানের টোল আদায়ের আকাঙ্ক্ষাই এই নতুন উত্তেজনার প্রধান কারণ। ইরান আগেই ঘোষণা দিয়েছিল, ইসলামাবাদ চুক্তির ৬০ দিনের যুদ্ধবিরতি শেষ হওয়া মাত্রই তারা এই জলপথ থেকে টোল আদায় শুরু করবে। সেই প্রেক্ষাপটেই এবার প্রণালির নিয়ন্ত্রণ ও টোল আদায়ের পাল্টা ঘোষণা দিল ওয়াশিংটন।
আর/আই