অভ্যন্তরীণ কোন্দলে রাজশাহীতে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
রাজশাহী জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন এবং আয়-ব্যয়ের হিসাব নিয়ে বিরোধের জেরে জেলাটিতে সব ধরনের অভ্যন্তরীণ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৬টা থেকে শ্রমিকদের একাংশ এই কর্মবিরতি শুরু করে। বিষয়টি নিশ্চিত করেন, জেলা সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল।
তিনি জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকদের একটি পক্ষ এর বিরোধিতা করে কাউন্টারে ভাঙচুর ও লুটপাট চালায়। হামলাকারীদের মধ্যে অধিকাংশ বহিরাগত ও আওয়ামী লীগ সমর্থক ছিল বলে আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, তারা প্রশাসনের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন চান এবং শ্রমিকদের দাবিকৃত আয়ের হিসাব দিতেও তারা প্রস্তুত আছেন।
এর আগে গত সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় একই ইস্যুতে ঢাকাসহ দেশের সব রুটে কয়েক ঘণ্টার জন্য বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরে জেলা প্রশাসনের হস্তক্ষেপে রাত ৮টার দিকে দূরপাল্লার যানবাহন চলাচল স্বাভাবিক হলেও পরদিন সকাল থেকে আবারও কর্মবিরতিতে যান শ্রমিকরা।
এ প্রসঙ্গে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তারি বেগম জানান, বিষয়টি আগেই মীমাংসা করা হয়েছিল। তবে মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া নতুন কর্মবিরতির বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।
আর/আই