রাজধানী

বাসা ভাড়ার বিরোধে মারধর, প্রাণ গেল ভাড়াটিয়া বৃদ্ধের

রাজধানীর আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারে বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের জেরে স্বপন (৬২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) ভোর চারটার দিকে আজিমপুর সরকারি স্টাফ কোয়ার্টারের ৪ নম্বর ভবনে এ ঘটনা ঘটে।

নিহত স্বপনের বড় ভাই রাজা মোহাম্মদ সেলিম জানান, স্বপনের স্ত্রী-সন্তান নেই। দুই ভাই একই ভবনের একটি ভাড়া বাসায় থাকতেন। স্বপন কসমেটিকসের ব্যবসা করতেন। যে ব্যক্তির নামে কোয়ার্টারের বাসাটি বরাদ্দ, তার ছেলে রিজভীর আগের দিন রোববার (১২ জুলাই) ভাড়া নিতে আসার কথা থাকলেও তিনি আসেননি।

তিনি আরও জানান, পরবর্তীতে ভাড়া নেওয়ার জন্য আসতে অনুরোধ করে রিজভীকে ফোন করা হলে তিনি প্রথমে ফোন ধরেননি। কিছুক্ষণ পর কলব্যাক করে গালাগালি করেন। এরপর সোমবার ভোর চারটার দিকে রিজভী তার চাচাতো ভাই রোহানকে নিয়ে বাসায় আসেন। এ সময় কথা-কাটাকাটির একপর্যায়ে তারা দুই ভাইকে মারধর করেন। অভিযোগ অনুযায়ী, স্বপনের বুকে একাধিক কিল-ঘুষি মারা হয় এবং ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন।

পরে রিজভী ও রোহানই স্বপনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসক ভোর পাঁচটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে লালবাগ থানার উপপরিদর্শক কিরণ মিয়া গণমাধ্যমকে জানান, বাসা ভাড়ার টাকা নিয়ে বিরোধের সময় ধাক্কা খেয়ে স্বপন মাটিতে পড়ে যান। এতে তার মাথায় আঘাত লেগে রক্তক্ষরণ হয়। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত রিজভী ও রোহানকে আটক করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন