চট্টগ্রামে পাহাড়ি ঢলের স্রোতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালীতে টানা বৃষ্টি ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
আজ শুক্রবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাহারছড়া ইউনিয়নে পৃথক স্থানে এই মর্মান্তিক ঘটনা ঘটে।বিষয়টি নিশ্চিত করেন, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।
নিহত দুই শিশু হলো, বাহারছড়া ইউনিয়নের দক্ষিণ ইলশা গ্রামের প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ আশিক (৭) এবং একই ইউনিয়নের রত্নপুর এলাকার মোহাম্মদ মিরাজ (৩)।
স্থানীয় বাসিন্দা ও পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েকদিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে বাঁশখালীর বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। আজ বেলা সাড়ে ১১টার দিকে পাহাড় থেকে ধেয়ে আসা পানির প্রবল স্রোতে নিজ নিজ বাড়ির উঠান থেকে শিশু দুটি ভেসে যায়। পরে স্বজন ও স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে তাদের মরদেহ উদ্ধার করেন।
পাহাড়ি ঢলে ঘটে যাওয়া এই অবুঝ দুই শিশুর মৃত্যুতে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
ওসি মো. রবিউল হক বলেন, পাহাড়ি ঢলের পানিতে ভেসে গিয়ে দুই শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ দুটি দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আর/আই