প্রাথমিক শিক্ষকদের বেতন ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রাথমিক শিক্ষকদের বেতন পর্যায়ক্রমে বৃদ্ধি করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের জন্য আধুনিক ও নিয়মিত প্রশিক্ষণের ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।
বুধবার (৮ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, সারাদেশে সরকারি ৬৫ হাজার বিদ্যালয়ের প্রায় ১ কোটি ২০ লাখ শিক্ষার্থীর মধ্যে স্কুল ড্রেস ও স্কুল ব্যাগ বিতরণ করা হবে। তিনি অভিযোগ করেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় শিক্ষা খাতে অবকাঠামো নির্মাণ হলেও মানবসম্পদ উন্নয়নে তেমন গুরুত্ব দেওয়া হয়নি।
কৃষি খাতের উন্নয়নের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী জানান, দীর্ঘদিন বন্ধ থাকা কৃষিভিত্তিক শিল্প-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি প্রচলিত কৃষি ব্যবস্থার পরিবর্তে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। তিনি আরও বলেন, বাংলাদেশ থেকে চীনে কাঁঠাল রপ্তানির উদ্যোগও নেওয়া হয়েছে।
পুঁজিবাজার নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী সরকারের আমলে সংঘটিত শেয়ারবাজার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার পরিকল্পনা রয়েছে। সরকারের বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপের ফলে দেশের পুঁজিবাজার ধীরে ধীরে ইতিবাচক ধারায় ফিরছে বলেও তিনি উল্লেখ করেন।
পি/ডি