আইন-বিচার

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিলের রায় বৃহস্পতিবার

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধান অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী বৃহস্পতিবার (০৯ জুলাই) রায় ঘোষণা করবেন আপিল বিভাগ।

বুধবার (০৮ জুলাই) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ টানা তিন দিনের শুনানি শেষে রায়ের জন্য এ দিন নির্ধারণ করেন।

শুনানির শেষ দিনে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল পঞ্চদশ সংশোধনীর বিষয়গুলো জাতীয় সংসদের বিবেচনার ওপর ছেড়ে দেওয়ার আবেদন জানান। এর আগে সোমবার (০৬ জুলাই) সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদক বদিউল আলম মজুমদার, বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ অন্য পক্ষের আইনজীবীরা তাদের যুক্তিতর্ক উপস্থাপন করেন।

বদিউল আলম মজুমদারের পক্ষে আইনজীবী শরীফ ভূঁইয়া আদালতে বলেন, পঞ্চদশ সংশোধনী ছিল ‘প্রতারণামূলক’। তাই তিনি পুরো সংশোধনী বাতিলের আবেদন জানান। তবে সংবিধানের ৯৬ ও ১০২ অনুচ্ছেদের সুরক্ষা বহাল রাখারও অনুরোধ করেন।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষে আইনজীবী শিশির মনির আদালতে বলেন, পঞ্চদশ সংশোধনীর যেসব অংশ সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক, সেগুলো বাতিল করা হোক। এবং বাকি বিষয়গুলো সংসদের বিবেচনার জন্য রেখে দেওয়ার আবেদন জানান তিনি।

এর আগে, গত বছরের ১৩ নভেম্বর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপসহ পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ সে আদেশ দেন।

পৃথক দুটি রিটের চূড়ান্ত শুনানি শেষে ২০২৪ সালের ১৭ ডিসেম্বর হাইকোর্ট পঞ্চদশ সংশোধনীর কয়েকটি বিধানকে অসাংবিধানিক ঘোষণা করে আংশিক বাতিলের রায় দেন।

উল্লেখ্য, ২০১১ সালের ৩০ জুন তৎকালীন আওয়ামী লীগ সরকার সংবিধানের পঞ্চদশ সংশোধনী জাতীয় সংসদে পাস করে। ওই সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বিলোপের পাশাপাশি সংবিধানের ৫৪টি ক্ষেত্রে পরিবর্তন আনা হয়।

হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা তৈরি হলেও আইনি কিছু জটিলতা থেকে যায়। এ প্রেক্ষাপটে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়। সুশাসনের জন্য নাগরিক (সুজন)-এর সম্পাদকসহ চার ব্যক্তি, নওগাঁর বাসিন্দা মো. মোফাজ্জল হোসেন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী পৃথকভাবে এসব আপিল দায়ের করেন।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন