আন্তর্জাতিক

নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল

ইরাকের পবিত্র শহর নাজাফে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজাকে কেন্দ্র করে নজিরবিহীন জনসমাগম হয়েছে। 

বুধবার (০৮ জুলাই) আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের খবরে বলা হয়েছে, বুধবার সেখানে আনুষ্ঠানিক শোকযাত্রা শুরু হওয়ার পর লাখো মানুষ এতে অংশ নেন।

তেহরান ও কোমে কয়েক দিনব্যাপী রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতাদের অনুরোধে বুধবার রাতে খামেনির মরদেহ নাজাফে আনা হয়। এরপর ইমাম আলীর পবিত্র মাজারের উদ্দেশে জানাজার শোকযাত্রা শুরু হয়।

তাসনিম জানায়, শোকযাত্রায় অংশ নিতে নাজাফের প্রধান সড়কগুলো মানুষের ঢলে ভরে যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িকে ঘিরে হাজারো মানুষ শোক প্রকাশ করছেন। ইমাম আলীর পবিত্র মাজারে মরদেহের ওপর প্রার্থনা ও শ্রদ্ধা নিবেদনের আবেগঘন দৃশ্যও ফুটে ওঠে বিভিন্ন ভিডিওতে।

প্রায় ছয় কিলোমিটার দীর্ঘ এই শোকযাত্রা নাজাফ শহর অতিক্রম করার কথা রয়েছে। শিয়া ইসলামে মক্কা ও মদিনার পর নাজাফকে তৃতীয় পবিত্রতম স্থান হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় সমাবেশের জন্য পরিচিত এই শহরে এবারও বিপুলসংখ্যক শোকাহত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

পর্যবেক্ষকদের ধারণা, দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অংশগ্রহণকারীর সংখ্যা আরও বাড়তে পারে।

তবে নাজাফের শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী আল-সিস্তানির অনুষ্ঠানে অংশ নেওয়ার সম্ভাবনা নেই। নব্বই ছুঁইছুঁই বয়স এবং দক্ষিণ ও মধ্য ইরাকের প্রায় ৪৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কারণে তিনি উপস্থিত হচ্ছেন না বলে জানা গেছে।

ইরাকের রাষ্ট্র-অনুমোদিত আধাসামরিক জোট পপুলার মবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) বা হাশদ আল-শাবি দাবি করেছে, নাজাফের জানাজায় ইতোমধ্যে ২৩ লাখেরও বেশি মানুষ অংশ নিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবিতে প্রচারিত এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ইরাকের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ আসতে থাকায় শোকাহতদের সংখ্যা ক্রমাগত বাড়ছে।

জানাজার আনুষ্ঠানিকতা শেষে মরদেহ কারবালায় নেওয়ার কথা রয়েছে। শিয়া ইসলামের চতুর্থ পবিত্রতম এই শহরেও বিপুল মানুষের সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এরপর মরদেহ ইরানে ফিরিয়ে নেওয়া হবে। কয়েক দিনব্যাপী এই অন্ত্যেষ্টিক্রিয়া কর্মসূচির অংশ হিসেবে কোম, কারবালা এবং তাঁর নিজ শহর মাশহাদেও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়েছে বা করার পরিকল্পনা রয়েছে। সেখানে তাকে দাফন করা হবে বলে জানানো হয়েছে।

 

এসি//

 

এ সম্পর্কিত আরও পড়ুন